২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

৪৫০ ছুঁয়ে ম্যাকগ্রার রেকর্ড ভাঙলেন স্টার্ক

গেবেখা টেস্টের দ্বিতীয় দিনে পরিসংখ্যানের আরও কয়েকটি পাতায় নাম লিখিয়েছেন এই অস্ট্রেলিয়ান।

৪৫০ ছুঁয়ে ম্যাকগ্রার রেকর্ড ভাঙলেন স্টার্ক

মিচেল স্টার্ক। ফাইল ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 05:41 PM

Updated : 20 Oct 2026, 05:45 PM

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ভিয়ান মুল্ডারকে বেশিক্ষণ টিকতে দিলেন না মিচেল স্টার্ক। প্রতিপক্ষ অলরাউন্ডারকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অস্ট্রেলিয়ান  পেসার, রেকর্ডের এক পাতায় গ্রেট গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে বসলেন শীর্ষে।

গেবেখায় বৃষ্টিবিঘ্নিত প্রথম দুই দিনের পর, তৃতীয় দিনের খেলা যথাসময়ে শুরু হয় এবং প্রতিপক্ষ শিবিরে ফের আঘাত হানতে খুব বেশি সময় নেননি স্টার্ক। আগের দিন একটি উইকেট নেওয়া এই বাঁহাতি পেসারের করা দিনের সপ্তম ওভারের শেষ বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান মুল্ডার (৩৮ বলে ১৩)।

এই সংস্করণে বলের হিসেবে দ্রুততম সাড়ে চারশ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন স্টার্ক, ২০ হাজার ৫৭৭ বলে। আগের রেকর্ড ছিল তারই পূর্বসূরি ম্যাকগ্রার, ২৩ হাজার ৪৭৪ বলে।

স্টার্কের এটা ১০৯তম টেস্ট। ম্যাচ সংখ্যায় দ্বিতীয় দ্রুততম পেসার হিসেবে সাড়ে চারশ উইকেট নিলেন তিনি। ম্যাকগ্রা এই মাইলফলক স্পর্শ করেন ১০০ টেস্টে।

আর সব মিলিয়ে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ডটি মুত্তিয়া মুরালিদারানের, ৮০ টেস্টে রেকর্ডটি গড়েন সাবেক এই লঙ্কান স্পিনার। এই তালিকায় তার পরের দুটি স্থানেও আছেন দুই স্পিনার, ভারতের রাভিচান্দ্রান অশ্বিন ও অনিল কুম্বলে।

একই সঙ্গে পরিসংখ্যানের আরেক পাতায় একটি প্রথমের কীর্তি গড়লেন স্টার্ক। প্রথম বাঁ হাতি বোলার হিসেবে টেস্টে ৪৫০ উইকেট নিলেন তিনি। এই তালিকায় ৪৩৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। আর ৪১৪ উইকেট নিয়ে তিনে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম।