পরাজয়ের ম্যাচেই আছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির প্রতিচিত্র
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি চট্টগ্রামে যে উইকেটে হলো, ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ এরকম উইকেটই।
বাংলাদেশ দলের জন্য দিনটি পুরোপুরি বিশ্রামের। তবে মুশফিকুর রহিমের অভিধানে আবার এই শব্দ নেই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রোববার তাকে দেখা গেল তাইজুল ইসলামকে নিয়ে অনুশীলনে। শুরু হয়ে গেল লাল বলের তুকতাক। এটিই স্বাভাবিক, সামনে টেস্ট সিরিজ। তবে ওয়ানডে সিরিজ শেষ হলেও রেশ এখনই শেষ হওয়ার নয়। শেষের আবহে যদিও মিশে আছে পরাজয়ের হতাশা, তবে আগামী বিশ্বকাপে তাকিয়ে এই ম্যাচই হতে পারে বোধোদয়ের দিশা।
যদিও সিরিজ থেকে বাংলাদেশের প্রাপ্তিগুলো ধরে নেওয়া হচ্ছে প্রথম দুই ম্যাচেই। সেটি অস্বাভাবিকও নয়। ভারতের বিপক্ষে সিরিজ জয় তো সাধারণ কোনো অর্জন নয়। সেই দুটি জয় যেভাবে এসেছে, সাফল্যটাকে তা স্মরণীয় করে তুলছে আরও। প্রথম ম্যাচে শেষ জুটির বীরত্বে জয়, পরের ম্যাচে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়। টানা দুই ম্যাচে মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য দুটি পারফরম্যান্স। এক জীবনে ভোলার নয় এসব।
শেষ ম্যাচটি বরং সাধারণ চোখে ভুলে যাওয়ার মতোই। ব্যাটে-বলে দলীয় পারফরম্যান্সে কিছুই ঠিকঠাক হয়নি এ দিন, ছিল না তেমন কোনো ব্যক্তিগত পারফরম্যান্সও। তবে খালি চোখের বাইরেও থাকে নানা ইশারা। পরাজয়ের ম্যাচেও থাকে প্রাপ্তি। এই সিরিজ ছাপিয়ে যদি তাকানো হয় সামনে, যদি আঁকার চেষ্টা করা হয় বৃহত্তর ছবি, তবে এই ম্যাচটিই ভাবনার দুয়ারে টোকা মারতে পারে বেশি। আগামী বিশ্বকাপে তাকিয়ে এই ম্যাচ থেকে বাংলাদেশ পেতে পারে সতর্কবার্তা। দেখতে পারে আভাস। বুঝে নিতে পারে সম্ভাব্য করণীয়।
সিরিজ জয়ের সাফল্য অবশ্যই মিথ্যে নয়। উদযাপনও জরুরি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দৃঢ়পায়ে এগিয়ে চলা, মোটামুটি প্রতিষ্ঠিত শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও পোক্ত করা এবং দেশের মাঠে অপ্রতিরোধ্য যাত্রা ধরে রাখা, সবকিছুই ফুটে উঠেছে প্রথম দুই ম্যাচের জয়ে। পাশাপাশি এটিও সত্যি, আগামী বিশ্বকাপে সাফল্য পেতে হলে কোন পথে এগোতে হবে, কীভবে নিতে প্রস্তুত করতে হবে, কোন ছাচে নিজেদের ফেলতে হবে, সেটির নকশা মিলেছে শেষ ওয়ানডে থেকে।
মিরপুরে যে উইকেটে সিরিজ জিতেছে বাংলাদেশ, সে ধরনের উইকেটে ভারতে আগামী অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। চট্টগ্রামে শেষ ওয়ানডে ম্যাচটি যে উইকেটে হলো, ভারতে বিশ্বকাপে বেশির ভাগ উইকেটই এরকম হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
সিরিজ জয় যেমন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শক্তিমত্তা তুলে ধরছে, শেষ ম্যাচের পারফরম্যান্স তেমনি ফুটিয়ে তুলছে বিশ্বমঞ্চের মহালড়াইয়ের জন্য এই দলের ঘাটতির জায়গাগুলিও।
মিরপুরের মন্থর ও অসম বাউন্সের উইকেটে বাংলাদেশকে হারানো বিশ্বের যে কোনো দলের জন্যই কঠিন। কিন্তু শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেটে বাউন্স ছিল সমান, বল ব্যাটে এসেছে দারুণভাবে। ব্যাটসম্যানদের নির্ভাবনায় শট খেলতে আলিঙ্গন করেছে এই ২২ গজ। সেখানে বাংলাদেশের ব্যাটিংয়ের স্কিল, উদ্ভাবনী মানাসকতা আর হাতের জোরের ঘাটতি যেমন প্রকাশ্য হয়েছে, তেমনি বোলারদের অসহায়ত্বও ফুটে উঠেছে প্রবলভাবে।
এমন নয় যে এই ধরনের উইকেটে বাংলাদেশের ঘাটতির জায়গাগুলো এই ম্যাচেই প্রথম বোঝা গেল। আগেও তা প্রকাশ্য হয়েছে। এবার হলো আরও একবার।
অনেকে অবশ্য বলতে পারেন, সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের হয়তো আগের দুই ম্যাচের মতো তাড়না কিংবা অভিপ্রায় একই পর্যায়ে ছিল না। যদিও পেশাদার জগতে এটি কখনও মেনে নেওয়ার মতো নয়। তার পরও, স্রেফ যুক্তির খাতিরে মেনে নিলেও আসলে এটিকে বাংলাদেশের পারফরম্যান্সের বর্ম হিসেবে দাঁড় করানো যায় না। দিনশেষে বাংলাদেশ রান দিয়েছে ৪০৯, নিজেরা করতে পেরেছে স্রেফ ১৮২। যেভাবে এবং যে ব্যবধানে হেরেছে বাংলাদেশ, তা আসলে শুধু একটি বাজে দিনের ব্যাপার নয়, এই ধরনের উইকেটে বাংলাদেশের বাস্তব চিত্র।
মিরপুরের মতো অতটা মন্থর ও জটিল উইকেট না হলেও ভারতের দু-একটি মাঠে স্পিন সহায়ক বা কিছুটা ধীরগতির কিংবা শুষ্ক উইকেট মিলতে পারে। তবে বেশির ভাগ মাঠের উইকেটই থাকবে রানপ্রসবা।
এই ধরনের উইকেটে এখন ৩৫০ রান উঠছে হরহামেশাই। এমনকি ৪০০ রানও দেখা যায় নিয়মিতই। সেখানে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস মোটে ৩৩৩ রানের। ৩৩০ রান ছাড়াতে পারার নজির ওই একটিই।
বাংলাদেশের পেস আক্রমণ এখন নিশ্চিতভাবেই আগের চেয়ে সমৃদ্ধ। স্কিল, অভিজ্ঞতা ও বিকল্প মিলিয়ে গভীরতাও বেশ। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের নির্ভরতার পাশাপাশি মেহেদী হাসান মিরাজও হয়ে উঠছেন ভরসা। তবে নিখাদ ব্যাটিং বান্ধব উইকেটে কার্যকারিতার দিক থেকে এই বোলিং আক্রমণের সার্বিক ঘাটতিও আছে। নিষ্প্রাণ উইকেটে প্রাণ সঞ্চার করার মতো ‘এক্স ফ্যাক্টর’, বৈচিত্র আর ধার এখানে কমই আছে।
বিশ্বকাপে বেশির ভাগ উইকেট যে ধরনের থাকবে, সেসব উইকেটের সর্বোচ্চ ফায়দা নিতে ব্যাটসম্যানদের যেমন তৈরি করতে হবে, তেমনি ওই ধরনের উইকেটের চ্যালেঞ্জ সামলানোর রসদ থাকতে হবে বোলারদের।
এই প্রচেষ্টার সবচেয়ে বড় পথ হতে পারে এই ধরনের উইকেটে বেশি বেশি ম্যাচ খেলা। আগামী মাসেই বিপিএল। প্রতিবারই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির এই আসরে মিরপুরের উইকেট নিয়ে হাহাকার জাগে। তখন চট্টগ্রাম পর্বের খেলায় টুর্নামেন্ট হয়ে ওঠে প্রাণবন্ত। অথচ এখানেই ম্যাচ রাখা হয় কম। এবার বিপিএলের আনুষ্ঠানিক সূচি এখনও প্রকাশ না করা হলেও বরাবরের মতো মিরপুরেই বেশি ম্যাচ থাকবে নিশ্চিতভাবেই। অথচ চট্টগ্রামে বেশি ম্যাচ রাখলে বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের জন্য যেমন উন্নতি হওয়ার সুযোগ থাকে, তেমনি শাণিত হতে পারে ওয়ানডে ব্যাটিংও।
আগামী মার্চে দেশের মাঠে ওয়ানডে সিরিজ আছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে, জুনে আফগানিস্তানের বিপক্ষে। প্রতি সিরিজেই আছে তিনটি করে ওয়ানডে। বিশ্বকাপের আগে সবকটি সিরিজই মহামূল্য। সিরিজ জয়ের তাড়না থেকে বেশির ভাগ ম্যাচ মিরপুরে রাখার ভাবনা বিসিবির থাকতে পারে। তবে বিশ্বকাপের দিকে তাকালে, বেশির ভাগ ম্যাচ, এমনকি সবকটি সিরিজের সব ম্যাচই তো চট্টগ্রামে রাখা যায়!
তাতে হয়তো সিরিজ জয়ের সম্ভাবনা ঝুঁকিতে পড়ে যায়, তবে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতিটা আদর্শ হয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ যদিও। তবে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা এখন নিশ্চিতই, যদি না মন্থর ওভাররেটের কারণে অনেক পয়েন্ট কাটা যায়। কাজেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও বিশ্বকাপ প্রস্ততির ভাবনাই বেশি রাখা যায়, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে তো অবশ্যই।
শুধু ম্যাচই বা কেন, বিশ্বকাপের আগে বাংলাদেশের অনুশীলন কিংবা প্রস্ততি ক্যাম্পের জন্যও আদর্শ মঞ্চ হতে পারে চট্টগ্রামের এই মাঠ।
ভারতের বিপক্ষে সিরিজ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের কণ্ঠেও ফুটে উঠল এমন কিছুই। নিজের জায়গা থেকে সরাসরি কিছু বলা তার জন্য কঠিন। তবে ভালো উইকেটে খেলার চাওয়াটা ঠিকই বুঝিয়ে দিলেন তিনি।
“(এই সিরিজের) দুটি ম্যাচ ছিল মিরপুরে। সেখানে খারাপ ক্রিকেট হয়েছে, তা নয়। তবে এটা সত্যি যে খুব একটা ইভেন ছিল না (উইকেট)। খুব ভালো, ব্যাটিং সহায়ক উইকেট ছিল। যদিও আমরা খুব ভালো ব্যাটিং করতে পারিনি। তবে রানরেটের চাপ এত ছিল, যে কারণে দ্রুত এগোতে হয়েছে। অবশ্যই ভালো উইকেটে খেললে ব্যর্থ হবেন বড় দলগুলোর সঙ্গে। তবে এর থেকেও পাওয়ার আছে। পরবর্তীতে কী কী করলে উন্নতি করতে পারবেন, এগুলো বোঝা যায়।”
বিশ্বকাপের আগে এই সময়টায় সবকিছু যে বিশ্বকাপ কেন্দ্রিক হওয়া উচিত, সেটিও তুলে ধরলেন এই ওপেনার।
“ভারতের উইকেট অনেক ভালো হয়, আউটফিল্ড অনেক ভালো হয়। আজকে যে উইকেটে খেললাম, আউটফিল্ড অনেক ফাস্ট, উইকেট অনেক ভালো। এরকম উইকেটে নিয়মিত খেলতে পারলে হয়তো আমরা মানিয়ে নিতে পারব।”
ভারতের বিপক্ষে চট্টগ্রামের ওয়ানডে ম্যাচটি তাই বলা যায় তৈরি করে দিয়েছে ‘ব্লুপ্রিন্ট।’ এটি অনুসরণ করলেই মিলতে পারে বিশ্বকাপে স্বপ্ন পূরণের রেসিপি।
