আইপিএলে গিয়ে ‘মাঠের আইডিয়া’ নেওয়ার চেষ্টা করবেন লিটন
আইপিএলে গিয়ে খেলার সুযোগ না পেলেও ভারতের মাঠগুলো সম্পর্কে ধারণা নিয়ে রাখতে চান বাংলাদেশের স্টাইলিশ এই ব্যাটসম্যান, যা কাজে লাগতে চান ভবিষ্যতে।
বিমানবন্দরের ‘থামস আপ’ দেখিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি। ক্যাপশনে লেখা, ‘রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশে। আমাকে আপনার প্রার্থনায় রাখুন।’ প্রথম আইপিএল যাত্রার আগে অফিসিয়াল ফেইসবুক পাতায় এভাবেই নিজেকে উপস্থাপন করলেন লিটন কুমার দাস। এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলে গেলেন, শেখার তাড়না নিয়ে তিনি যাচ্ছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে। সেই শিক্ষাপর্বের বড় অংশজুড়ে থাকবে ভারতের মাঠগুলো সম্পর্কে ধারণা নেওয়া।
আইপিএলের নিলামে এবার ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নেয় কলকাতা। বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যান এবারই সুযোগ পেলেন বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগে।
তবে দলে যোগ দিতে অনেকটা সময় লেগে গেল তার দেশের খেলার ব্যস্ততা থাকায়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের কারণে বিসিবি তাকে অনাপত্তিপত্র দেয়নি আগে। অবশেষে রোববার সন্ধ্যায় ঢাকা ছাড়েন তিনি। এ দিনই আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে শেষ ৫ বলে রিঙ্কু সিংয়ের ৫ ছক্কায় অকল্পনীয় এক জয় পায় কলকাতা।
লিটনও যাচ্ছেন এই সংস্করণে প্রবল আত্মবিশ্বাসকে সঙ্গী করে। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি করেছিলেন ২৩ বলে ৪৭, পরের ম্যাচে ৪১ বলে ৮৩। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আবহ যদিও ভিন্ন। তবে সুযোগ পেলে কাজে লাগাতে চান ২৮ বছর বয়সী ব্যাটসম্যান।
“ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকতেই হবে। তবে দলটা ভিন্ন এক দল। কখনও ফ্র্যাঞ্চাইজি লিগ এভাবে খেলতে যাইনি। তারা যদি খেলায়, অবশ্যই চেষ্টা করব ভালো কিছু করতে।”
ফ্র্যাঞ্চাইজি লিগে অবশ্য তিনি আগেও খেলেছেন। ২০১৯ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াহসের হয়ে দুটি ম্যাচ খেলে করেছিলেন ২১ বলে ২১ ও ২৫ বলে ২১। তবে সেই লিটনের সঙ্গে এখনকার লিটনের পার্থক্য অনেক। সিপিএলের সঙ্গে আইপিএলের পার্থক্যও অনেক। পারফরম্যান্সের আগে লিটনের মূল চ্যালেঞ্জ, দলে জায়গা পাওয়া।
কলকাতার হয়ে আপাতত ওপেন করছেন রহমানউল্লাহ গুরবাজ, তিনিও লিটনের মতো কিপার-ব্যাটসম্যান ও ওপেনার। রোববারের ম্যাচে ১৫ রান করে আউট হয়েছেন এই আফগান। তবে আগের ম্যাচেই করেছেন ফিফটি, প্রথম ম্যাচে করেছিলেন ১৬ বলে ২২। কলকাতা সম্প্রতি দলে যোগ করেছে ইংলিশ ওপেনার জেসন রয়কেও। গুরবাজ খারাপ করলেই তাই লিটন সুযোগ পাবেন, সেই নিশ্চয়তা নেই।
এই বাস্তবতা জানেন লিটনও। তাই নিজের লক্ষ্যও তিনি রাখছেন বাস্তবসম্মত। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতেই ওয়ানডে বিশ্বকাপ। আইপিএলে গিয়ে বিশ্বকাপের ভেন্যুগুলো সম্পর্কে ধারণা নিয়ে আসতে চান তিনি।
“আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললেও ভালো খেলব, এটার কোনো গ্যারান্টি নেই। তবে এটা একটা শেখার প্রক্রিয়া অবশ্যই। আমি ২০-২৫ দিন বা যে কয়দিনই থাকব, চেষ্টা করব সবগুলো মাঠের সব আইডিয়া নেওয়ার, যেটা আমার ভবিষ্যতে কাজে দেবে।”
কলকাতার পরের ম্যাচ আগামী শুক্রবার, ঘরের মাঠ ইডেন গার্ডেনসে।
