যে কারণে বোলিংয়ে ফেরানো হয় মারুফাকে
৪ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ের মূল কারিগর ১৮ বছর বয়সী এই পেসার।
দীপ্তি শর্মা ও আমানজত কৌরের ষষ্ঠ উইকেট জুটি তখন বেশ জমে গিয়েছিল। বিপর্যয় সামলে ভারতও বেশ ভালো অবস্থানে। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে পরপর ২ বলে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মারুফা আক্তার। ভারতের বিপক্ষে স্মরণীয় জয়ের আনন্দে মাঠ ছাড়ে বাংলাদেশ। ওই সময়ে এই পেসারকে বোলিংয়ে আনার কারণ ম্যাচ শেষে ব্যাখ্যা করলেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাশান তিলকারত্নে।
মিরপুরে রোববার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত নারী দলকে ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪০ রানে হারায় বাংলাদেশের মেয়েরা। এই সংস্করণে দলটির বিপক্ষে ৬ বারের দেখায় বাংলাদেশের প্রথম জয় এটি।
২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মারুফা।
৪৪ ওভারে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ভারত শিবিরে প্রথম ধাক্কাটা দেন মারুফাই। তৃতীয় ওভারে তিনি ফিরিয়ে দেন স্মৃতি মান্ধানাকে। পরে বিদায় করে দেন আরেক ওপেনারকেও।
ইনিংসের ৯ ওভারের মধ্যে নিজের প্রথম স্পেলে ৫ ওভারে ২০ রান দিয়ে দুটি উইকেট নেন ১৮ বছর বয়সী এই পেসার।
একটা পর্যায়ে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া ভারতকে টেনে তোলে দীপ্তি ও আমানজত জুটি। ২৮ ওভার শেষে তাদের রান ছিল ৫ উইকেটে ৮৭।
এরপরই কোচের পরামর্শে মারুফাকে বোলিংয়ে আনেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। এই ওভারে তার চতুর্থ বলে চার মারেন আমানজত। শেষ দুই বলে আসে ২ উইকেট।
আমানজতকে ফিরিয়ে ৭১ বল স্থায়ী ৩০ রানের জুটি ভাঙার পর মারুফা বিদায় করেন স্নেহ রানাকে। পরের ওভারের প্রথম বলে দীপ্তিও ফিরে গেলে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় ভারত। ৫ উইকেটে ৯১ থেকে ১১৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
মারুফাকে তখন বোলিংয়ে ফেরানোর পেছনের ভাবনা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তুলে ধরলেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ।
“সে এই মুহূর্তে বিশ্বের শীর্ষ বোলারদের একজন। এছাড়াও তখন ব্যাটাররা স্পিনারদের খুব ভালোভাবে সামাল দিচ্ছিল। তাই আমরা মোমেন্টাম ভাঙতে চেয়েছি, মারুফাকে বোলিংয়ে আনার এটা একটা কারণ।”
