২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে বাংলাদেশের ‘কিষান-চ্যালেঞ্জ’ হতে পারেন পান্ত

চট্গ্রামে প্রথম দিনের অনুশীলনে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক দেখালেন রিশাভ পান্ত।

শাহাদাৎ আহমেদ সাহাদ

চট্টগ্রাম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 05:48 PM

Updated : 12 Mar 2023, 12:12 AM

‘পারাস স্যার, সময় গণনা করবেন না, প্লিজ…’, নেট সেশনে ব্যাটিং শুরুর আগে বোলিং কোচ পারাস মামব্রের দিকে বললেন রিশাভ পান্ত। শুনে মনে হতে পারে, লম্বা সময় ব্যাটিং অনুশীলনের ইচ্ছা ভারতের কিপার-ব্যাটসম্যানের। টেস্ট ম্যাচের আগ তো তেমন কিছুই হওয়ার কথা। কিন্তু নেট সেশনে পান্ত করলেন ঠিক উল্টোটা!

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব প্রান্তের দুই নেট মিলে টেনেটুনে ২৫ মিনিট ব্যাটিং করলেন পান্ত। সেখানে ‘টেস্ট ব্যাটিং’ বা সময় কাটানোর কোনো ইচ্ছে তার ব্যাটে দেখা গেল না। শুরু থেকে শেষ পর্যন্ত ধুমধাড়াক্কা ব্যাটিং করে গেলেন। একের পর এক ছক্কায় ওড়ালেন স্পিনারদের, কচুকাটা করলেন পেসারদেরও।

মাঠের স্কোরকার্ড যদি সচল থাকত, নেটে ওইটুকু সময়েই সেঞ্চুরি হয়ে যাওয়ার কথা পান্তের! অবশ্য শুধু নেটে নয়, মাঠেও তিনি এভাবেই খেলেন টেস্ট ক্রিকেটেও।

চোটের কারণে এবার বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি পান্ত। প্রথম ম্যাচের আগেই ফিরে যান দেশে। রোববার পুনরায় দলের সঙ্গে যোগ দিলেও আসেননি অনুশীলনে। টেস্টের আগে সোমবার প্রথমবারের অনুশীলনে পান্তকে দেখা গেল নিজের সহজাত রূপে।

পান্ত না খেললেও ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইশান কিষানের কাছ থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ঝাঁঝ ঠিকই পেয়েছে বাংলাদেশ। স্রেফ একজনের মারকুটে ব্যাটিং কীভাবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে, কিষান তা বুঝিয়ে দেন দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়ে।

টেস্ট দলে নেই ইশান। তবে একই ঘরানার পান্তই আবির্ভুত হবেন সেই একই রূপ নিয়ে। সেই মহড়াই দিনি সেরে নিলেন যেন নিজের প্রথম অনুশীলনেই।

বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদব ও অর্থোডক্স স্পিনার সৌরভ কুমারের সঙ্গে ডানহাতি পেসার শার্দুল ঠাকুরের বিপক্ষে ব্যাটিং শুরু করেন পান্ত। দ্বিতীয় বলেই খেলেন বড় শট। নেট ব্যাটিংয়ের জন্য সীমানা নির্ধারণ করা নেই, তবে নিশ্চিত করেই বলা যায় সেটি ছক্কা।

এরপর আর থামাথামি নেই। কুলদিপ-সৌরভের বলে একের পর এক বড় শট মারতে থাকেন তিনি। পেসার শার্দুলের বিপক্ষেও খেলছিলেন বুলেট গতির সব শট।

দুই বাঁহাতি স্পিনারের চ্যালেঞ্জ তার যথেষ্ট মনে হলো না। বোলিং কোচের দিকে তাকিয়ে এবার তিনি বললেন, “কোনো অফ স্পিনার নেই স্যার?” লোকেশ রাহুল, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারাদের লম্বা সময় বোলিং করে রবিচন্দ্রন অশ্বিন তখন ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তাই এক স্থানীয় অফ স্পিনারকে পান্তের নেটে পাঠালেন বোলিং কোচ পারাস মামব্রে।

এবার চ্যালেঞ্জটা একটু কঠিনই হলো পান্তের জন্য। অন্য বোলারদের স্বচ্ছন্দে খেললেও অফ স্পিনের সামনে ঠিক সাবলিল দেখা গেল না তাকে। হাত খুলে মারার চেষ্টা করেও পারলেন না পুরোপুরি সফল হতে। অন্তত তিনবার তার ব্যাটের বাইরের কানা ঘেঁষে বেরিয়ে গেল বল। এছাড়া কানায়ও লাগল একবার।

এখানেই পান্তকে থামানোর টোটকা পেতে পারে বাংলাদেশ দল। শুধু এই নেট সেশনেই নয়, অফ স্পিনে ভোগান্তি এখনও পর্যন্ত পান্তের ক্যারিয়ার জুড়েই দেখা গেছে। ৩১ টেস্টে ১০ বার তিনি কাটা পড়েছেন অফ স্পিনে। অফ ব্রেক বলে তার স্ট্রাইকরেট ৭০.৭০। সেখানে বাঁহাতি স্পিনে তিনি ব্যাট করেছেন ১৩১.৮৮ স্ট্রাইক রেটে।

সাকিব আল হাসান, তাইজুল ইসলামরা যেমন এই তথ্য থেকে নিজেদের করণীয় বুঝে নিতে পারেন, তেমনি পান্তের দাওয়াই হিসেবে বাংলাদেশ প্রস্তুত রাখতে পারে মেহেদী হাসান মিরাজকে।

স্পিনারদের নেটে সবমিলিয়ে ১৫ মিনিট ব্যাটিং করেন পান্ত। এর মধ্যে ছক্কা মারেনন অন্তত ১৫টি! এরপর পাশের নেটে গিয়ে দুই থ্রোয়ারের সামনে আরও ১০ মিনিটের মতো খেলেন ভারতের এ কিপার-ব্যাটসম্যান। সেখানেও রক্ষণাত্মক ব্যাটিংয়ের লেশমাত্র ছিল না। নাগালে থাকা প্রতিটি বল সজোরে সীমানার দিকে মারতে দেখা যায় তাকে।

নেট সেশন হোক আর ম্যাচ, ব্যাটিংয়ের এই একটি ঘরানাই কেবল তার জানা। শুধু আগ্রাসনের পথটাই তার চেনা।

টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ভারতের ব্যাটিং লাইনআপে ‘এক্স-ফ্যাক্টর’ যোগ করেছেন পান্ত। ছন্দে থাকলে তিনি এক সেশনে বদলে দিতে পারেন ম্যাচের চিত্রনাট্য। পেস কিংবা স্পিন; যে কোনো বোলিংয়েই রুদ্ররূপে দেখা যায় তাকে। স্রেফ চার বছরের ক্যারিয়ারেই এমন কিছু ইনিংস তিনি খেলে ফেলেছেন, অনেক ব্যাটসম্যানের জন্য যা স্বপ্নের ইনিংস। অনেক বড় ব্যাটসম্যানের গোটা ক্যারিয়ারে অমন ইনিংস নেই।

এই টেস্ট সিরিজেও বাংলাদেশের জন্য মাথাব্যথার কারণ হতে পারেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। উইকেট এখানে বরাবরের মতো ব্যাটিংবান্ধব হলে পান্তকে থামানো হবে বড় চ্যালেঞ্জ।

তাকে সামলানোর ছকও নিশ্চয়ই সাজিয়ে রাখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সোমবার দলের প্রতিনিধি হয়ে আসা তাসকিন আহমেদের কাছেও ছুটে গেল এই প্রশ্ন। তবে পরিকল্পনা খোলাসা করলেন না এই ফাস্ট বোলার।

“পরিকল্পনা আমরা গোপন রাখতে চাই, নইলে তো রিশাভ পান্ত জেনে যাবে (হাসি)! অবশ্যই তারা সবাই দারুণ খেলোয়াড়। আমাদের অনেক শৃঙ্খলাবদ্ধ হতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সঠিক পরিকল্পনা নিয়ে মঠে নামতে হবে এবং তা  ঠিকঠাক বাস্তবায়ন করতে হবে। এটাই গুরুত্বপূর্ণ।”

বুধবার শুরু টেস্টে পরিকল্পনা বাস্তবায়নের সেই চ্যালেঞ্জ নিয়েই নামতে হবে তাসকিনদের। পান্তকে দ্রুত থামাতে না পারলে যে ‘কিষান অভিজ্ঞতা’ ফিরে আসতে পারে আবার!