১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লারার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন টেন্ডুলকারের দল

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম আসরের শিরোপা জিতলেন টেন্ডুলকার, ইউভরাজ, পাঠানরা।

লারার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন টেন্ডুলকারের দল
জয়ের পর ভারতের ক্রিকেটারদের উল্লাস। ছবি: ইউভরাজ সিংয়ের ফেইসবুক পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 02:27 AM

Updated : 26 Aug 2026, 12:02 PM

ভারতের ইনিংসের সময় স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হলো, গ্যালারিতে দর্শক উপস্থিতি ৪৭ হাজার ৩২২ জন। ভারতীয় ব্যাটসম্যানদের একেকটি শটে দর্শকদের সে কী উল্লাস। তাদের আনন্দ দ্বিগুণ করে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের শিরোপা জিতলেন সাচিন টেন্ডুলকার, ইউভরাজ সিংরা।

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ছয় দলের প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ভারত মাস্টার্স দল। রায়পুরে রোববার ফাইনালে ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ৬ উইকেটে হারিয়েছে টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারতীয় দল।

ফাইনালে লারা অবশ্য ভালো করতে পারেননি। ৬ বলে ৬ রান করে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। লেন্ডল সিমন্সের ৪১ বলে ৫৭ ও ডোয়াইন স্মিথের ৩৫ বলে ৪৫ রানের সুবাদে ২০ ওভারে ১৪৮ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

চ্যাম্পিয়ন ভারত মাস্টার্স দল। ছবি: ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ এক্স পাতা

চ্যাম্পিয়ন ভারত মাস্টার্স দল

জবাবে ৬৭ রানের উদ্বোধনী জুটিতে ভারতের ভিত গড়ে দেন টেন্ডুলকার ও আম্বাতি রায়ডু। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার ১৩ বছর পূর্তির দিনে ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২৫ রান করেন টেন্ডুলকার।

রায়ডু ৯ চার ও ৩ ছক্কায় ৫০ বলে করেন ৭৪ রান। ইউসুফ পাঠান শূন্য রানে ফিরলেও, দলের জয় নিয়ে মাঠ ছাড়েন ইউভরাজ (১৩*) ও স্টুয়ার্ট বিনি (১৬*)। ১৭ বল হাতে রেখেই জিতে যায় ভারত।