২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে যাওয়ার প্রথম লড়াইয়ে ব‍্যর্থ লিটন

প্রথম কোয়ালিফায়ারে ভ‍্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে ১৯ বলে ১৬ রান করেন এই কিপার-ব‍্যাটসম‍্যান।

ফাইনালে যাওয়ার প্রথম লড়াইয়ে ব‍্যর্থ লিটন

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 10:29 PM

Updated : 05 Aug 2023, 12:45 AM

ক্রিজে ফেরা সম্ভব নয় বুঝতে পেরে হাল ছেড়ে দিয়েছিলেন লিটন দাস। প্রায় দাঁড়িয়েই পড়েছিলেন এই স্টাইলিশ ব‍্যাটসম‍্যান। কিন্তু অনেকটা সময় পাওয়ার পরও থ্রো স্টাম্পে রাখতে পারলেন না মোহাম্মদ রিজওয়ান। বেঁচে গেলেন লিটন। তাতেও অবশ্য সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। সারে জ‍াগুয়ার্সের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে উপহার দিলেন হতাশা।

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার আগের ম্যাচেও ব্যাট হাতে রাখতে পারেননি উল্লেখযোগ্য অবদান, মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে করতে পারেন ১৩ বলে ১০। পারলেন না প্রথম কোয়ালিফায়ারেও। ভ‍্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে একটি করে ছক্কা ও চারে ১৯ বলে ১৬ রান করেন এই কিপার-ব‍্যাটসম‍্যান।

অধিনায়ক ইফতিখার আহমেদের ২৮ বলে ৩৬ ও আয়ান খানের ২০ বলে ২৯ রানের ইনিংসে সারে ২০ ওভারে তোলে ১৩৯ রান।

ব্রাম্পটনে শুক্রবার টস হেরে ব‍্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ‍্যে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জাতিন্দার সিংকে হারায় সারে।

চতুর্থ ওভারে ক্রিজে গিয়ে প্রথম সাত বলে ৪ রান করেন লিটন। ফ‍্যাবিয়ান অ‍্যালেনকে কাভার দিয়ে চার মেরে গা ঝাড়া দেওয়ার আভাস দেন তিনি। ক‍্যারিবিয়ান স্পিনারের পরের ওভারের বেরিয়ে এসে লং অনের ওপর দিয়ে মারেন ছক্কা।

কিন্তু পারেননি ডানা মেলতে। এরপর কেবল একটি সিঙ্গেল নিয়েই থেমে যায় তার পথচলা।

দুই ওভার মিলিয়ে টানা চারটি ডট বল খেলায় হয়তো একটু চাপ অনুভব করেছিলেন লিটন। সেটাই সরিয়ে দিতে চেয়েছিলেন লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পনকে ছক্কায় উড়িয়ে। কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে থেকে স্লগ সুইপ করে নিতে পারেননি বেশি দূর। মিড উইকেট সীমানা থেকে অনেকটা ভেতরে সহজ ক‍্যাচ নেন হার্শ থাকার।

ব‍্যাট হাতে দিনটা ভালো না কাটলেও হাসি মুখেই মাঠ ছাড়তে পেরেছেন লিটন। ৯ উইকেটে ১৩৯ রানের পুঁজি পাওয়া সারে জিতেছে ৩৮ রানে। ম‍্যাথু ফোর্ডের (৪/১৬) দারুণ বোলিংয়ে ভ‍্যাঙ্কুভারকে ১০১ রানে থামিয়ে পৌঁছে গেছে ফাইনালে।

তাদের সঙ্গী হওয়ার আরেকটি সুযোগ আছে ভ‍্যাঙ্কুভারের। এর জন‍্য ব্র‍্যাম্পটন উলভস ও মন্ট্রিয়াল টাইগার্সের মধ‍্যে জয়ী দলের বিপক্ষ দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে হবে তাদের।