২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর আগের দিন ‘দা হান্ড্রেড’ থেকে সরে দাঁড়ালেন রাশিদ 

দা হান্ড্রেডের এবারের আসরে ট্রেন্ট রকেটসের হয়ে তিন ম্যাচ খেলার কথা ছিল রাশিদ খানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 11:14 PM

Updated : 31 Jul 2023, 11:14 PM

ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার শুরু হচ্ছে দা হান্ড্রেডের নতুন আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগের দিন এলো সবচেয়ে বড় তারকাকে হারানোর খবর। একশ বলের এই প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন রাশিদ খান।  

যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরে এমআই নিউ ইয়র্কের হয়ে খেলেছেন রাশিদ। ফাইনাল ম্যাচে ৪ ওভারে স্রেফ ৯ রানে ৩ উইকেট নিয়ে তিনি দলের শিরোপা জয়ে রেখেছেন বড় অবদান।

ওই টুর্নামেন্ট শেষে দা হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে খেলার কথা ছিল রাশিদের। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, চোটের কথা বলে একশ বলের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন আফগান লেগ স্পিনার। 

সাউদার্ন ব্রেভসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচসহ মোট তিন ম্যাচে তাকে পাওয়ার কথা ছিল ট্রেন্ট রকেটসের। গত আসরের দল থেকেই রাশিদকে ১ লাখ ২৫ হাজার পাউন্ড দিয়ে ধরে রেখেছিল তারা।  

টুর্নামেন্ট শুরুর অল্প সময় আগে ‘না’ করে দেওয়ায় এখন তিন ম্যাচের জন্য ইমাদ ওয়াসিমকে দলে টেনেছে ট্রেন্ট রকেটস। এরপর দলের সঙ্গে যোগ দেবেন নিউ জিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধি।