Published : 14 Dec 2025, 02:41 PM
পাহাড়সম লক্ষ্য তাড়ায় সুরটা বেঁধে দিলেন ইয়াশাসভি জয়সওয়াল। আগ্রাসী ব্যাটিংয়ে চমৎকার এক সেঞ্চুরি উপহার দিলেন তিনি। পরে ঝড়ো ফিফটি করলেন সারফারাজ খান। হারিয়ানাকে উড়িয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ল মুম্বাই।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টিটিতে রোববার দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে ৪ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই। প্রতিপক্ষের ২৩৪ রান ১৫ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
দুই দিন আগেই এই প্রতিযোগিতায় রান তাড়ার রেকর্ড গড়ে ঝাড়খান্ড। পাঞ্জাবের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য ১১ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে জিতে যায় তারা।
মুম্বাইয়ের জয়ের নায়ক জয়সওয়াল ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরিতে করেন ১০১ রান। তার ৫০ বলের ইনিংসটি সাজানো একটি ছক্কা ও ১৬টি চারে। তিনে নেমে ২৫ বলে ৬৪ রান করতে ৩ ছক্কা ও ৯ চার মারেন সারফারাজ।
৪৮ বলে সেঞ্চুরি করা জয়সওয়াল জেতেন ম্যাচ সেরার পুরস্কার। তবে তিনি একা সেটি গ্রহণ করেননি। সারফারাজকে ডেকে নিয়ে সতীর্থের সঙ্গে পুরস্কারটি ভাগাভাগি করেন বাঁহাতি ওপেনার।
বিশাল রান তাড়ায় মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দেন জয়সওয়াল ও আজিঙ্কা রাহানে। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩ ওভারেই ৫৩ রান তুলে ফেলে দল। আনশুল কাম্বোজের করা তৃতীয় ওভারে আসে ২৮ রান; একটি ছক্কা ও তিনটি চার মারেন জয়সওয়াল, একটি ছক্কা হাঁকান রাহানে।
চতুর্থ ওভারের প্রথম বলে বিদায় নেন রাহানে। এক ছক্কা ও দুটি চারে ১০ বলে ২১ রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
ক্রিজে গিয়ে মুখোমুখি প্রথম বলে চার মারেন সারফারাজ। দুই বল পর হাঁকান ছক্কা। পাওয়ার প্লের শেষ ওভারে ইশান্ত ভাড়ওয়াজকে একটি ছক্কা ও চারটি চার মারেন সারফারাজ। প্রথম ৬ ওভার শেষ মুম্বাইয়ের রান ১ উইকেটে ১০১।
সপ্তম ওভারে সামান্ত ঝাকারকে চারটি চারে ১৮ বলে ফিফটি স্পর্শ করেন সারফারাজ। কিছুক্ষণ বল সুমিত কুমারকে চার ম্যাচে ২৩ বলে পঞ্চাশ করেন জয়সওয়াল।
অমিত রানাকে ছক্কায় ওড়ানোর পরের বলে আউট হয়ে যান সারফারাজ। ভাঙে ৮৮ রানের জুটি। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। তবে এক প্রান্ত ধরে রেখে রানের চাকা সচল রাখেন জয়সওয়াল। তার ব্যাটেই মূলত লক্ষ্যের দিকে ছুটতে থাকে দলটি।
১৮তম ওভারে জয়সওয়াল যখন ফেরেন, মুম্বাইয়ের প্রয়োজন তখন ১৭ বলে ৭ রান। পরের দুই বলে ছক্কা ও চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আথার্ভ আঙ্কোলেকার।
প্রথম ইনিংসে আলো ছড়ান হারিয়ানার ব্যাটসম্যানরা। অধিনায়ক আঙ্কিত কুমার ৬টি ছক্কা ও ১০ চারে ৪২ বলে করেন ৮৯ রান। তিনে নেমে ৩ ছক্কা ও ৪টি চারে ৩৮ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন নিশান্ত সিন্ধু।
সামান্ত জাখার তিনটি ছক্কা ও দুটি চারে ১৪ বলে খেলেন ৩১ রানের ক্যামিও ইনিংস। চার বল খেলে চারটি চার মারেন সুমিত কুমার।