২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড় তোলার ইঙ্গিত দিয়েই থামলেন লিটন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে আবারও ইনিংস বড় করতে ব্যর্থ হলেন বাংলাদেশের ব্যাটসম্যান।

ঝড় তোলার ইঙ্গিত দিয়েই থামলেন লিটন

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 10:43 PM

Updated : 25 Jul 2023, 10:47 PM

শুরুতে একটু সময় নিলেন। পরে চমৎকার দুটি শটে মারলেন চার ও ছক্কা। তবে ঝড় তোলার যে ইঙ্গিত লিটন কুমার দাস দিলেন, তা পূর্ণতা পেল না। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে আবারও ইনিংস বড় করতে ব্যর্থ হলেন বাংলাদেশের ব্যাটসম্যান।

টরন্টো ন্যাশনালসের বিপক্ষে বুধবার সারে জাগুয়ার্সের হয়ে ২০ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান করেন লিটন।

বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে এ দিন টস হেরে ব্যাটিংয়ে নামে সারে। চতুর্থ ওভারে জাতিন্দার সিংয়ের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন লিটন। ষষ্ঠ ওভারে ফিরে যান আরেক ওপেনার অ্যালেক্স হেলসও।

প্রথম ১০ বলে লিটনের রান ছিল ৭। পরের বলে বাঁহাতি স্পিনার সাদ বিন জাফরকে ইনসাইড আউট শটে চার মারেন তিনি। পরের ওভারে জায়গা বানিয়ে আরেকটি দারুণ শটে লেগ সাইড দিয়ে ছক্কায় ওড়ান সাবেক পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদিকে।

পরের ওভারেই আউট হয়ে যান স্টাইলিশ এই ব্যাটসম্যান। জাফরকে রিভার্স-সুইপ করে ক্যাচ দেন পয়েন্টে।  

আসরে প্রথম ম্যাচে সাকিব আল হাসানের মন্ট্রিয়ল টাইগার্সের বিপক্ষে ১১ বলে ৯ রান করেন লিটন। আউট হন তিনি সাকিবের বলেই। পরের ম্যাচে ব্রামটন উলফসের বিপক্ষে তিনি ব্যাটিংয়ে নামতে পারেননি বৃষ্টির কারণে। ব্যর্থতার ধারা লম্বা হলো এবার আরেক ধাপ।