এনএসইজেডে ২০০ কোটি টাকায় কারখানা করতে চায় এমইপি গ্রুপ
১০ একর জমির ওপর এ কারখানা করা হবে, বলা হয় কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে।
চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল— এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগে কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে এমইপি গ্রুপ।
বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী কোম্পানিটি বলেছে, নতুন কারখানায় তারা লাইটিংস, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান ও বৈদ্যুতিক তার উৎপাদন করবে।
রোববার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ একর জমির ওপর এ কারখানা করা হবে।
আধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রকল্পটি উৎপাদন, পণ্যের উদ্ভাবন, কর্মসংস্থান এবং দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি কোম্পানিটির।
বিনিয়োগের ঘোষণাসহ খুচরা বিক্রেতা, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের সঙ্গে বাজার আরও বিস্তৃত করার উদ্যোগ হিসেবে একটি সেলেব্রেশন অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে ৭৮ জন বিজয়ীর হাতে মোটরসাইকেলের চাবি ও দুইজরকে ফ্রিজ উপহার দেওয়া হয়।
