২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

সংগীত শিক্ষায় ঢাবির পাশে ‘আইপিডিসি আমাদের গান’

দেশের ঐতিহ্যবাহী সংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বিকাশমান শিল্পীদের সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করে আসছে ‘আইপিডিসি আমাদের গান’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 09:28 PM

Updated : 23 Sep 2026, 09:28 PM

গরম আর লোডশেডিংয়ের সময়ও শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগকে ‘পোর্টেবল পাওয়ার সাপ্লাই’ দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

প্রতিষ্ঠানটির সংগীতভিত্তিক উদ্যোগ ‘আইপিডিসি আমাদের গান’-এর আওতায় এই সহায়তা দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইপিডিসি।

সেখানে বলা হয়েছে, ব্যাটারিচালিত আধুনিক এ ডিভাইসটির মাধ্যমে লোডশেডিং কিংবা বিদ্যুৎ বিভ্রাটের সময়ও শ্রেণিকক্ষের ফ্যান, এসি ও বাতি চালু রাখা সম্ভব হবে।

গরমের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা এবং পাঠদান প্রক্রিয়া স্বাভাবিক রাখতেই ‘পোর্টেবল পাওয়ার সাপ্লাই’ দেওয়ার এ পদক্ষেপ নেওয়ার কথা বলছে আইপিডিসি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক প্রিয়াঙ্কা গোপ বলেন, “সময়োপযোগী এই সহায়তার জন্য আইপিডিসি ফাইন্যান্সকে ধন্যবাদ।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ঐতিহ্যবাহী সংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বিকাশমান শিল্পীদের সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করে আসছে ‘আইপিডিসি আমাদের গান’।

বিশেষ করে বাংলাদেশের লোকসংগীতসহ সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সমকালীন শ্রোতাদের সামনে উপস্থাপন ও সুরসাধকদের নানামুখী সহায়তা দিয়ে আসছে এই প্ল্যাটফর্ম।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “সংগীত বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এই ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার পেছনের মানুষদের পাশে দাঁড়ানো আমাদের অগ্রাধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগকে দেওয়া সহায়তা সেই ধারাবাহিকতারই অংশ। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত।”