Published : 07 Jul 2026, 12:16 AM
ঢাকায় গণমাধ্যমের টেকসই উন্নয়ন বিষয়ক চার দিনের এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।
‘ডিজিটাল রাইট লিমিটেড’ এর সহযোগিতায় ডেনমার্ক ভিত্তিক বৈশ্বিক গণমাধ্যম উন্নয়ন সংস্থা ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট’ (আইএমএস) সোমবার এ কর্মশালা শুরু করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা বলেছেন, প্রশিক্ষণ কর্মসূচি উদ্দেশ্য দেশের মূলধারা ও উদীয়মান স্বাধীন গণমাধ্যমগুলোকে টেকসই ব্যবসায়িক মডেল বুঝতে ও তা বাস্তবায়নে সহায়তা করা। সেখানে নয়টি জাতীয় সংবাদমাধ্যমের ১৪ জন সাংবাদিক ও নির্বাহীরা অংশ নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আইএমএস বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থানের ফলে বিশ্বব্যাপী গণমাধ্যমে আমূল পরিবর্তন এসেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মানসম্মত ‘ইনফরমেশন ইকোসিস্টেম’ বজায় রাখতে এবং স্বাধীনভাবে কাজ চালিয়ে যেতে গণমাধ্যমগুলোকে অবশ্যই কার্যকর ব্যবসায়িক মডেল গ্রহণ করতে হবে।
ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচির সেশন পরিচালনা করছেন আইএমএস এর এশিয়া অঞ্চলের মিডিয়া বিজনেস অ্যাডভাইজর ড্যানি ইয়ং।
আইএমএস এর বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার সাখাওয়াত হোসেন, ডিজিটাল রাইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরীও কথা বলেন।