১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিসিএসআইআর ও বিইউএফটির মধ্যে সমঝোতা স্মারক সই

চুক্তির অংশ হিসেবে দুই প্রতিষ্ঠান বৈজ্ঞানিক উপকরণ, জার্নাল ও ল্যাবরেটরি সুবিধা পরস্পরের সঙ্গে ভাগাভাগি করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

জাতীয় পর্যায়ে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে বিসিএসআইআর ও বিইউএফটির মধ্যে  সমঝোতা স্মারক সই হয়েছে।

বুধবার বাংলাদেশ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) কনফারেন্স হলে এই  সমঝোতা স্মারক সই হয়। 

এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হলো, যা জাতীয় পর্যায়ে গবেষণার উৎকর্ষ বৃদ্ধি, টেকসই উদ্ভাবন প্রসার এবং বিজ্ঞান, প্রযুক্তি ও টেক্সটাইল খাতে দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রতিষ্ঠানটি বলেছে, এই সহযোগিতার আওতায় টেকসই টেক্সটাইল, বায়োম্যাটেরিয়াল, স্মার্ট ও কম্পোজিট ম্যাটেরিয়াল, প্রাকৃতিক রং, পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং পরিবেশবান্ধব প্রসেসিং বিষয়ে যৌথ গবেষণা পরিচালিত হবে। 

পাশাপাশি দুই প্রতিষ্ঠান যৌথভাবে বৈজ্ঞানিক সম্মেলন, সেমিনার, সক্ষমতা বৃদ্ধি–বিষয়ক কর্মশালা এবং শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করবে বলেও জানানো হয়।

চুক্তির অংশ হিসেবে বিসিএসআইআর এবং বিইউএফটি বৈজ্ঞানিক উপকরণ, জার্নাল ও ল্যাবরেটরি সুবিধা পরস্পরের সঙ্গে ভাগাভাগি করবে এবং যৌথভাবে স্নাতক ও স্নাতকোত্তর গবেষণা কার্যক্রম তত্ত্বাবধান করবে। 

এই অংশীদারত্বের ফলে পণ্য উদ্ভাবন, ফাংশনাল টেক্সটাইল উন্নয়ন ও শিল্প উৎপাদন প্রক্রিয়া আধুনিকায়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। 

তিন বছরের এ সমঝোতা স্মারকে বিসিএসআইআর চেয়ারম্যান সামিনা আহমেদ এবং বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান সই করেন।