০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ই-নথির জন্য এডিএফআইএপি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

শ্রীলঙ্কার কলম্বোয় গত ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এডিএফআইএপির বার্ষিক সভায় এ পুরস্কার দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 10:32 PM

Updated : 05 Oct 2026, 10:32 PM

প্রযুক্তিনির্ভর কার্যপ্রক্রিয়া ও ডিজিটাল রূপান্তরে আইপিডিসি ফাইন্যান্সের উদ্যোগ ‘ই-নথি’ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

প্রতিষ্ঠানটি এ উদ্যোগের জন্য এডিএফআইএপি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এর টেকনোলজি ডেভেলপমেন্ট বিভাগে পুরস্কার পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে আইপিডিসি।

শ্রীলঙ্কার কলম্বোয় গত ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এডিএফআইএপির ৪৯তম বার্ষিক সভায় এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন সামিউল হাশিম এবং চিফ টেকনোলজি অফিসার আফজালুর রশীদ।

এ অর্জন সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “এডিএফআইএপি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এ এই স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত। আরও দ্রুত ও টেকসইভাবে কার্যক্রম পরিচালনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন এই পুরস্কার।

“ই-নথি আমাদের ডিজিটাল রূপান্তরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ অর্জনের পেছনে আমাদের দলের নিষ্ঠার পাশাপাশি অংশীদার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশনস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এডিএফআইএপি) এর উদ্যোগে এডিএফআইএপি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডস দেওয়া হয়।