২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯ রোগী

দেশে গত এক দিনে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৫৯ জনের দেহে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 05:05 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষা করে এই ৫৯ জন রোগী শনাক্ত হয়।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ১ দশমিক ১৫ শতাংশ। আগের দিন এই হার ১ দশমিক ১৮ শতাংশ ছিল।

বুধবার সারা দেশে ৫৮ জন রোগী শনাক্ত হয়েছিল, তার আগের দিন এ সংখ্যা ছিল ৫৪।

গত একদিনে শনাক্ত ৫৯ জনের মধ্যে ৫৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে গোপালগঞ্জে ১ জন, নরসিংদীতে ১ জন এবং কক্সবাজারে ১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৪৯ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৪ হাজার ৯২০ জন সেরে উঠলেন।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৯ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ তিন হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৩ কোটি ৩৩ লাখ।

বাংলাদেশে কোভিড-১৯: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য নিয়ে পুরনো সব খবর