২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: দুইদিনে তিন চিকিৎসকের মৃত্যু

নভেল করোনাভাইরাস সংক্রমণে দুইদিনে আরও তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2020, 10:25 PM

Updated : 18 Aug 2022, 03:18 PM

শনিবার ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক মো. আসাদুজ্জামান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের প্রাক্তন চিকিৎসক গোপাল শঙ্কর দে মারা গেছেন।

আর শুক্রবার রাতে চট্টগ্রামে মারা গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার মোহাম্মদ হোসেন।

Image
ডা. মো. আসাদুজ্জামান ও গোপাল শঙ্কর দে

ডা. মো. আসাদুজ্জামান ও গোপাল শঙ্কর দে

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের মেডিকেল অফিসার আসাদুজ্জামান শনিবার বেলা তিনটায় শনিবার রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান।

আসাদুজ্জামান কোভিড-১৯ সংক্রমণ নিয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১২ জুন আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ডা. আসাদুজ্জামানকে। শনিবার বিকাল ৩টার দিকে তিনি মারা যান।

“তার অবস্থা মোটামুটি ভালোই ছিল। আজ দুপুরের পর তার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু করে। ঘণ্টাখানেকের মধ্যেই তিনি মারা যান।”

আসাদুজ্জামান সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ জানিয়েছে, শনিবার রাত পৌনে নয়টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে মারা যান ওসমানী মেডিকেলের মানসিক রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান গোপাল শঙ্কর দে।

গোপাল শঙ্কর সিলেট মেডিকেল কলেজের একাদশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭-ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ হোসেন শুক্রবার রাত ১১টার দিকে ম্যাক্স হাসপাতালে মারা যান।

তিনিও কোভিড-১৯ সংক্রমিত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

তিন চিকিৎসকের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।

বিএমএর হিসেবে এ পর্যন্ত এক হাজার ৪৩১ জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আর কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪৯ জন এবং এ রোগের লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন।

শনিবার সকাল আটটা পর্যন্ত বাংলাদেশে সরকারি হিসেবে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৬৯৫ জন।