২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: আরও দুই চিকিৎসকের মৃত্যু

কোভিড-১৯ আক্রান্ত হয়ে শুক্রবার রাতে ঢাকায় একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 01:28 AM

Updated : 18 Aug 2022, 03:11 PM

ঢাকায় ডা. এ কে এম ফজলুল হক শুক্রবার সন্ধ্যার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা ডা. আরিফ হাসান।

Image
ডা. এ কে এম ফজলুল হক ও ডা. আরিফ হাসান

ডা. এ কে এম ফজলুল হক ও ডা. আরিফ হাসান

ডা. ফজলুল হক রাজধানীর জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজের অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৯তম ব্যাচের ছাত্র আরিফ চট্টগ্রামে চেম্বারে রোগী দেখতেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআর রাতে এই দুই চিকিৎসকের মৃত্যুর তথ্য জানিয়েছে।

এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডা. এ কে এম ফজলুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

ডা. রাহাত জানান, ডা. এ কে এম ফজলুল হক মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছেন। পরে অবসর নিয়ে জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজে যোগ দেন।

তাকে নিয়ে শুক্রবার রাজধানীতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার আগে শুক্রবার প্রথম প্রহর পেরিয়ে রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার।

এদিকে শুক্রবার রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. আরিফের মৃত্যু হয় বলে এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডা. আরিফ ছয় দিনের জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে তাকে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

“পরে রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।"

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র আরিফ হাসান ‘প্রাইভেট প্র্যাকটিশনার’ ছিলেন বলে জানান ডা. রাহাত আনোয়ার।