২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: একদিনে শনাক্ত ৬৭৯, দুইজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আরও কমে ১৩ দশমিক ৫৩ শতাংশ হয়েছে।

কোভিড: একদিনে শনাক্ত ৬৭৯, দুইজনের মৃত্যু

ঢাকা শিশু হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে একটি শিশুর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2022, 04:29 PM

Updated : 29 Sep 2022, 04:39 PM

দেশে গত এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ফের কিছুটা বেড়েছে; এই সময়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৭টি নমুনা পরীক্ষা করে ৬৭৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

সাত সপ্তাহ পর গত সোমবার দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা সাতশ ছাড়ায়, সেদিন শনাক্ত হয় ৭১৮ জন রোগী। এরপর মঙ্গলবার তা বেড়ে ৭৩৭ জন হয়। বুধবার শনাক্ত রোগীর সংখ্যা কমে ৬৬৫ জন হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আরও কমে ১৩ দশমিক ৫৩ শতাংশ হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ০৭ শতাংশ।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৬২ জনে।

২৪ ঘণ্টায় ৩৫৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন।

গত একদিনে যে ৬৬৫ জন রোগী শনাক্ত হয়েছে তাদের ৫২১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। গত একদিনে দেশের সবকটি বিভাগের ২৮টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।

যে দুজনের মৃত্যু হয়েছে তার ছিলেন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তাদের দুজনের বয়সই ছিল সত্তর বছরের বেশি। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬১ কোটি ৬৬ লাখ।