২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগুন সন্ত্রাসের’ ভয়াবহতা তুলে ধরে টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী

দুদিনের এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

‘আগুন সন্ত্রাসের’ ভয়াবহতা তুলে ধরে টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘আগুন সন্ত্রাসের’ বিরুদ্ধে দুদিনের আলোকচিত্র প্রদর্শনী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2022, 05:49 PM

Updated : 12 Nov 2022, 05:49 PM

২০১৩ থেকে ২০১৫ সালে বিএনপির আন্দোলনকে ঘিরে যে জ্বালাও-পোড়াও হয়েছে সেটিকে ‘আগুনসন্ত্রাস’ আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে 'জ্বালাও-পোড়াও-অগ্নিসন্ত্রাস: মানুষ হত্যার রাজনীতি’ শীর্ষক দুদিনের এ প্রদর্শনী রোববার বিকাল পর্যন্ত চলবে। এটি সবার জন্য উন্মুক্ত।

এর আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় উপসমাজ সেবা সম্পাদক তানভীর হাসান সৈকত।

এ সময় এর পুনরাবৃত্তি যেন না হয় সেই দাবি তোলেন এ ছাত্রলীগ নেতা।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, দেশ বিরোধী অপশক্তি ও তাদের দোসররা ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যে জ্বালাও, পোড়াও, অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার সহিংসতা চালিয়েছিল সে ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতেই আমাদের এই প্রচেষ্টা।

Image

প্রদর্শনী দেখছেন একজন দর্শনার্থী

“সাম্প্রতিক সময়ে সেই জনবিরোধী পুরনো শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। দেশের আপামর শিক্ষার্থী সমাজ ইতিহাসের প্রতিটি বাঁকে দেশের স্বার্থ, জনতার স্বার্থ প্রহরীর ন্যায় পাহারা দিয়েছে।”

সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সৈকত আরও বলেন, “ওই অপশক্তি যদি আবারও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করতে চায়, তবে তা আমাদের সমাজকে আবারও খাদের কিনারে নিয়ে যাবে। তাই এখনই আমাদের সচেতন হওয়া জরুরি।”