২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে নিরাপত্তা কর্মীদের চাঁদাবাজির অভিযোগ তদন্তে কমিটি

প্রতিবেদন দিতে কমিটিকে সময় দেওয়া হয়েছে দুই সপ্তাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2023, 07:29 PM

Updated : 02 Mar 2023, 07:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির ‘অধীন’ কয়েকজন নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তদন্তে একটি কমিটি হয়েছে।

ক্যাম্পাসে অবৈধ ভ্রাম্যমাণ দোকান বসিয়ে বছরে প্রায় অর্ধকোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আমলে নিয়ে এর তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাবেক সহকারী প্রক্টর মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিতে সহকারী প্রক্টর লিটন কুমার সাহা ও রোকেয়া হলের আবাসিক শিক্ষক দিলারা জাহিদকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রক্টরিয়াল টিমের অধীনস্ত নিরাপত্তার দায়িত্বে থাকা কতিপয় কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে উপাচার্য মো. আখতারুজ্জামান তিন সদস্যের কমিটি করেছেন । এছাড়া সুনির্দিষ্ট অভিযোগ কমিটির কাছে পেশ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।”

কমিটিকে প্রতিবেদন দিতে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ।

সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন শতাধিক অবৈধ ভ্রাম্যমাণ দোকান বসিয়ে অর্ধকোটি টাকার বেশি চাঁদা তোলার অভিযোগ আসে।

সেখানে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে নির্ধারিত লাইনম্যানদের মাধ্যমে চাঁদার টাকা তোলা হয়, যা প্রক্টর কার্যালয়ের কর্মচারী এবং প্রক্টরিয়াল টিমের অধীন নিরাপত্তাকর্মীদের মধ্যে ভাগাভাগি হয়।   

এ বিষয়ে সম্প্রতি একটি অডিও রেকর্ডও ফেইসবুকে ফাঁস হয়।