২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌকার জন্য শোভাযাত্রা করবে ছাত্রলীগ

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 11:35 PM

Updated : 03 Jan 2024, 11:35 PM

ভিন্ন ধরনের কর্মসূচিতে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ছাত্রলীগ; ঢাকায় নৌকা প্রতীকের জন্য ভোট চেয়ে শোভাযাত্রা করবে সংগঠনটি। 

বৃহস্পতিবার ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে ‘ভোট উৎসবে’ সমর্থন যোগাতে এ শোভাযাত্রার কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন। 

শোভাযাত্রাটি বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে থেকে টিএসসি হয়ে শাহবাগ, মৎস্য ভবন হয়ে কাকরাইল থেকে নাঈটিঙ্গেল মোড় দিয়ে জিরো পয়েন্ট পেরিয়ে গুলিস্তানে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত যাবে।

শোভাযাত্রার আগে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করবে সংগঠনটি। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন বলে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাদ্দাম হোসেন। 

তিনি জানান, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের আলোকে ছাত্রলীগের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে নানারকম কর্মসূচি পালনের মাধ্যমে উদযাপন করে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময়ের প্রয়োজনে এ বছরের যাবতীয় কর্মসূচি গ্রহণ করেছে ভিন্নভাবে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিয়মিত কর্মসূচির পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। 

শোভাযাত্রায় ছাত্র, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ভোট উৎসবের জন্য, নৌকার জন্য, দেশরত্ন শেখ হাসিনার জন্য তাদের অকুণ্ঠ সমর্থন জানাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

দিনব্যাপী কর্মসূচি

বৃহস্পতিবার সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টা ৩০ মিনিটে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ৭টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করবেন। 

সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ শেষে বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সভা হবে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘সুবিধাজনক’ সময়ে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুণ্ডুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।