শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাখ্যা দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
‘বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যেপ্রণোদিত’ সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আইন ও বাংলা বিভাগের শূন্য পদে শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়, ১৯৯৪ সালের ১৮ অগাস্টে হওয়া ২৮৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগে/ইনস্টিটিউটে কোনো শিক্ষকের পদ খালি হওয়ার তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক, পরিকল্পনা কমিটির মাধ্যমে পদটি বিজ্ঞাপন দেওয়ার জন্য রেজিস্ট্রারকে অনুরোধ না করলে সেই ক্ষেত্রে উপাচার্যকে পদটির বিজ্ঞাপন দেওয়ার জন্য ক্ষমতাপ্রাপ্ত হবেন।
শিক্ষক নিয়োগ নিয়ে রেজিস্ট্রার দপ্তর থেকে তাগাদাপত্র দেয়ার পরও বাংলা ও আইন বিভাগের পরিকল্পনা কমিটি শিক্ষক নিয়োগের সুপারিশ সম্বলিত মতামত না পাঠানোয় ওই ক্ষমতাবলে উপাচার্য এই দুই বিভাগে শিক্ষক নিয়োগ দিতে শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত দেন বলে ব্যাখ্যায় বলা হয়েছে।
এই প্রক্রিয়া অনুসরণ করে অতীতেও বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ হয়েছে দাবি করে সেখানে বলা হয়, “আইন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড শুরুর আগে (রোববার)উপাচার্য দপ্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্বে থাকা কতিপয় শিক্ষক অনুপ্রবেশের মাধ্যমে হট্টগোল সৃষ্টি করে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করা অত্যন্ত গর্হিত কাজ, যা দৃষ্টিকটুও বটে।
“কতিপয় শিক্ষক এ সময় আগত প্রভাষক প্রার্থীদের অপেক্ষমান কক্ষে অবস্থান করে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করেন এবং ভয়ভীতিও প্রদর্শন করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী কমিটির কতিপয় সদস্যের এহেন আচরণ শিক্ষক সুলভ আচরণের পরিপন্থি। সংঘটিত এ ঘটনাটি অপ্রত্যাশিত, অনভিপ্রেত ও আইনসঙ্গত নয় বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে।”
বাংলা বিভাগে ‘যোগ্যতা শিথিল করে’ প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের যে খবর সংবাদমাধ্যমে এসেছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে ব্যাখ্যায় বলা হয়, “কলা অনুষদ কর্তৃক নির্ধারিত সিজিপিএ এর ভিত্তিতেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে ১৯৭৩ এর অ্যাক্টকে সমুন্নত রেখে প্রচলিত বিধিবিধান মেনে বিশ্ববিদ্যালয়ে সু-শাসন নিশ্চিত করে অ্যাকাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন তরান্বিত করে চলেছে।
কেউ কেউ তাতে ‘ঈর্ষান্বিত হয়ে’ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার অংশ হিসেবে উপাচার্য দপ্তরে প্রবেশ করে ‘আপত্তিকর ঘটনা ঘটিয়েছে’ বলে মন্তব্য করা হয়েছে ব্যাখ্যায়।
বিশ্ববিদ্যালয়ের মত একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান নিয়ে এ ধরনের ‘বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যেপ্রণোদিত’ সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার অনুরোধ জানানো হয়েছে সেখানে।
গত রোববার উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের প্রভাষক পদের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ছিল।প্ল্যানিং কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে বিভাগটির শিক্ষক নিয়োগ করা হচ্ছে অভিযোগ তুলে চবি শিক্ষক সমিতির সদস্যরা উপাচার্য কার্যালয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন।
পরে শিক্ষক সমিতি এ নিয়ে লাগাতার কর্মসূচি ঘোষণা করে। রোববার রাতে আইন বিভাগের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নেওয়া হলেও সোমবারে বাংলা বিভাগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। প্ল্যানিং কমিটির সুপারিশ উপেক্ষা করে নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু করায় বিভাগের সভাপতিসহ দুই সদস্য পদত্যাগও করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আন্দোলন এবং সংবাদ প্রকাশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে এ ব্যাখ্যা দেওয়া হল।
