জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ, পাসের হার ৭১%
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইলে এসএসএমের মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে; পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/results এই ফলাফল পাওয়া যাবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। সেজন্য NU লিখে একটি স্পেস দিয়ে MF লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
এই পরীক্ষায় মোট এক লাখ ৮৩ হাজার ৭৯ জন অংশ নেয়; উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮৯ জন।
১২২টি কেন্দ্রে ১৭৬টি কলেজে ২৮টি বিষয়ে গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
