Published : 25 Oct 2025, 07:55 PM
শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাশক্তি, দলগত নেতৃত্ব ও বাস্তবধর্মী করপোরেট দক্ষতা বিকাশে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউতে) হয়ে গেল ‘করপোরেট সারভাইভাল: দ্য গ্লোবাল ক্যারিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জামালখান ক্যাম্পাস মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়েছে বলে সিআইইউ কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
‘ইএসআই গ্লোবাল এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন বাংলাদেশের’ সহায়তায় এ ইভেন্ট আয়োজন করেছে ‘সিআইইউ অ্যাকাউন্টিং ক্লাব’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী পর্বে ইএসআই গ্লোবালের প্রতিনিধিরা উচ্চশিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক মাইগ্রেশন বিষয়ক সুযোগ-সুবিধা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গ্লোবাল ক্যারিয়ার গঠনে বাস্তবমুখী দিকনির্দেশনা দেন, যা তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য আরও প্রস্তুত করবে।

অনুষ্ঠানে ‘ইভেন্ট কেওস-বাজেট ব্যাটল’ প্রতিযোগিতায় অংশ নেয় সাতটি দল। প্রতিটি দলকে সীমিত বাজেটের মধ্যে একটি পূর্ণাঙ্গ করপোরেট ইভেন্ট পরিকল্পনা ও অপ্রত্যাশিত সংকট মোকাবিলার কৌশল দেখাতে হয়। তাদের উদ্ভাবনী ভাবনা, সমস্যা সমাধান দক্ষতা ও উপস্থাপন মূল্যায়ন করেন সিআইইউ বিজনেস স্কুলের প্রভাষক উম্মে হুমায়রা এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ইনতেজার মেহবুব।
দিনভর আয়োজনে শিক্ষার্থীরা শুধু করপোরেট দুনিয়ার বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে ধারণাই পায়নি, বরং দলীয় ঐক্য, সৃজনশীলতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মত গুরুত্বপূর্ণ পেশাদার দক্ষতাও অনুশীলনের সুযোগ পেয়েছে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।