পরীক্ষার নম্বরে অসঙ্গতি: ঢাবি অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে তদন্ত কমিটি
উচ্চ আদালতের নির্দেশের পর এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে চার শিক্ষার্থীর মিডটার্ম পরীক্ষার নম্বরে অসঙ্গতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
বৃহস্পতিবার সিন্ডিকেটের সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষার নম্বরে অসঙ্গতি নিয়ে চারজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি অভিযোগ দিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে আজকে সিন্ডিকেটের সভায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক সীমা জামান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাসনিম আরেফা সিদ্দিকী।
গত ২৫ মে অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চার শিক্ষার্থী অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন।
এসব শিক্ষার্থীরা তাদের স্নাতক ৭ম সেমিস্টারের সিআরএম ৪১১ নম্বর কোর্সের (লোকাল অ্যান্ড গ্লোবাল টেররিজম) মিডটার্ম পরীক্ষায় নম্বর অসঙ্গতি এবং ফাইনাল পরীক্ষার আগে সেশনাল নম্বর না দেওয়ার অভিযোগ আনেন।
বিষয়টি নিয়ে গত ৭ জুন ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে হাই কোর্টে রিট আবেদন করেন আইনজীবী শামসুদ্দিন বাবুল ।
পরে ১২ জুন বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শুনানি শেষে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়কে তদন্ত করার নির্দেশ দেয়।
অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কোর্স শিক্ষক অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল।
