প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় খুলছে সোমবার
এমবিএ’র ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যার ঘটনায় পাঁচদিন বন্ধ থাকার পর বাণিজ্য অনুষদ বাদ রেখে খুলছে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার খুলছে বিশ্ববিদ্যালয়; শুরু হবে একাডেমিক কার্যক্রম। তবে বাণিজ্য অনুষদ বন্ধ থাকবে।
তিনি বলেন, ঘটনার সময় বিভিন্ন কক্ষ ও সরঞ্জাম ভাংচুর করায় এ অনুষদের একাডেমিক কার্যক্রম শুরু হতে কয়েকদিন লাগতে পারে।
গত মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের ওয়াসা ক্যাম্পাসে বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষে ছুরিকাঘাতে মারা যান এমবিএ’র ছাত্র নগর ছাত্রলীগ সদস্য সোহেল।
প্রতিবাদে শিক্ষার্থীরা প্রবর্তক মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ করে ভাংচুর চালায়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
অধ্যাপক অনুপম সেন বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী খুনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সোহেল হত্যার ঘটনায় তার বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা করেছেন।
