২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল হত্যায় মামলা, ৫ জন রিমান্ডে

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগ নেতা নাছিম আহমেদ সোহেল হত্যার ঘটনায় মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 05:38 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার দুপুরে সোহেলের বাবা আবু তাহের ৩৩ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা (নম্বর ১৯) করেন বলে থানার এসআই নুর ইসলাম জানিয়েছেন। 

মামলায় ১৩ আসামির নাম উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

এরা হলেন- আশরাফুল ইসলাম আশরাফ, ওয়াহিদুজ্জামান নিশান, মো. জিয়াউল হায়দার চৌধুরী, এস এম গোলাম মোস্তফা, তামিউল আলম তামিম, সোহান, জয়নাল, সাইফ, উজ্জ্বল, আবিদ, তারেক, সায়েম ও সাইফুল।

মামলার পর বিকালে আদালত আসামিদের মধ্যে থেকে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, পুলিশের পক্ষ থেকে ১০ দিনের হেফাজতের আবেদন করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম শুনানি নিয়ে তিনদিনের অনুমতি দেন।

হেফাজতে নেওয়া পাঁচ শিক্ষার্থী আশরাফুল ইসলাম আশরাফ, ওয়াহিদুজ্জামান নিশান, মো. জিয়াউল হায়দার চৌধুরী, এস এম গোলাম মোস্তফা, তামিউল আলম তামিম।

এই পাঁচজনকে ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যম্পাস থেকে আটক করা হয়েছিল বলে পুলিশের ভাষ্য।

সকালে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানিয়েছিলেন, ঘটনার ভিডিওচিত্র দেখে আটক পাঁচজনের মধ্যে থেকে চারজনকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড় ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে প্রাণ হারান ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির কার্য নির্বাহী সদস্য সোহেল।

এমবিএ প্রথম সেমিস্টারের ছাত্র সোহেল সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছিলেন বলে ছাত্রলীগ নেতাদের দাবি।

পুরনো খবর:

সোহেল হত্যা: আসামি ‘হচ্ছে’ ৩৩ জন
চট্টগ্রামে সোহেলের খুনি ‘শনাক্ত’ সিসি ক্যামেরায়