২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ারে ছাত্র খুন: উপাচার্যের পাশে সাবেক শিক্ষার্থীরা

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুনের ঘটনার পর উপাচার্য অধ্যাপক অনুপম সেনকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 10:51 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্যাডে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বানের পাশাপাশি বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।

পরিষদের আহ্বায়ক মুহাম্মদ ওসমান গণি ও সদস্য সচিব রণি কুমার দে বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠানটি নিজস্ব স্বকীয়তায় চট্টগ্রামের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।

“একে ধ্বংসের জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে, বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজনীতি মুক্ত। বিভিন্ন মত ও বিভিন্ন পথের শিক্ষার্থী থাকলেও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ছিল। এতে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরাও স্বস্তিবোধ করেছেন।”

কিন্তু কিছুদিন ধরে কিছু ছাত্র ক্যাম্পাসে রাজনীতির সাথে পেশী শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, যা সাম্প্রতিক সময়ে এমবিএ’র শিক্ষার্থী সোহেলের মৃত্যু এবং পরবর্তী ঘটনায় প্রমাণিত।

গত মঙ্গলবার প্রিমিয়ারের ওয়াসা ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে খুন হন এমবিএ’র শিক্ষার্থী নাছিম আহমেদ সোহেল, যিনি  মহানগর ছাত্রলীগের সদস্য।

তার মৃত্যুর পর প্রিমিয়ারের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও নাছিরপন্থি ছাত্রলীগের সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে অবরোধ করে এবং যানবাহন ভাংচুর করে।

এ ঘটনার পর অভিযোগ ওঠে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারীদের দ্বন্দ্বে এ ঘটনা ঘটে।

বুধবার সংবাদ সম্মেলন করে নাছিরপন্থি ছাত্রলীগের সদস্যরা এ ঘটনার জন্য উপাচার্য অধ্যাপক অনুপম সেনকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন।

বিবৃতিতে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নেতারা দাবি করেন, এর মাধ্যমে উপাচার্য আন্তর্জাতিক খ্যাতিমান সমাজ বিজ্ঞানী ও একুশে প্রদকপ্রাপ্ত ড. অনুপম সেনকে নাজেহাল করা হয়েছে।

এই কার্যকলাপ নিন্দনীয় উল্লেখ করে তারা অনুপম সেনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

পুরনো খবর:

প্রিমিয়ারের উপাচার্যের পদত্যাগ চায় মেয়র সমর্থক ছাত্রলীগ