প্রিমিয়ারের উপাচার্যের পদত্যাগ চায় মেয়র সমর্থক ছাত্রলীগ
চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুনের ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের পদত্যাগ দাবি করেছে ছাত্রলীগের একাংশ।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের অংশটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত দাবি করে বলেন, “নাছিম আহমেদ সোহেল চকবাজার থানায় কয়েকজনের নামে জিডি করেছিল এবং হামলার আশঙ্কার কথা উপাচার্যকে জানিয়েছিল।”
কিন্তু উপাচার্য সোহেলের নিরাপত্তায় কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন মিথুন।
সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগের পাশাপাশি আগামী তিনদিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার দাবিতে কর্মসূচিও ঘোষণা করা হয়।
কর্মসুচির মধ্যে রয়েছে ৩ এপ্রিল চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাবেশ, ৫ এপ্রিল ছাত্র ধর্মঘট, ৬ এপ্রিল সিএমপি কমিশনার কার্যালয়ে অবস্থান ও ৭ এপ্রিল উপাচার্যের কার্যালয় অবরোধ।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান আয়োজন নিয়ে ছাত্রদের দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে চলা উত্তেজনার মধ্যে মঙ্গলবার এক পক্ষের ছুরিকাঘাতে নিহত হয় এমবিএ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নাছিম আহমেদ সোহেল।
সোহেলের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীরা এই ঘটনার জন্য সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের দায়ী করে বিক্ষোভ দেখায়।
বিদায় অনুষ্ঠানে মহিউদ্দিনকে অতিথি করায় হামলাকারীরা বেশ কয়েকদিন ধরে তাদের ওপর চাপ সৃষ্টি করছিল বলেও অভিযোগ ছিল বিক্ষোভকারীদের।
সংবাদ সম্মেলনে মিথুন মল্লিক বলেন, “সোহেলের ওপর হামলার সময় উপাচার্য বা কোনো শিক্ষক তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। এমনকি মর্গেও লাশ দেখতে যাননি।”
একটি চক্র দ্বারা উপাচার্য নিয়ন্ত্রিত হচ্ছেন মন্তব্য করে মেয়রপন্থী এই ছাত্রলীগনেতা আরও বলেন, যে চক্রটি বিশ্ববিদ্যালয়কে নিজের সম্পত্তি বলে আদালতে মামলা করেছে, তাদের সঙ্গে উপাচার্য নিয়মিত বৈঠক করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থাকাকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মহিউদ্দিন। তখন তিনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এম মনজুর আলমের সময়েও ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি।
চট্টগ্রাম আওয়ামী লীগে মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত নাছির গত বছর মেয়র হলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে বিরোধের শুরু হয়। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়।
মহিউদ্দিনের রিট আবেদনে হাই কোর্ট প্রিমিয়ারের সব কার্যক্রমে উদ্যোক্তা মহিউদ্দিনের অংশগ্রহণ নিশ্চিত করার আদেশ দিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও সমাজবিজ্ঞানী অনুপম সেন কয়েকবছর ধরেই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইয়াছিন আরাফাত, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাইনুর রহমান।
