প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে চক্রান্ত: মহিউদ্দিন
সংঘাতে ছাত্র নিহত হওয়ার ঘটনা নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে চক্রান্ত চলছে বলে দাবি করেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘জনবিচ্ছিন্ন কিছু মানুষ’ হীন স্বার্থ চরিতার্থ করতে বিশ্ববিদ্যালয়টিতে ‘রাজনীতি ঢোকানোর’ চেষ্টা করছে।
‘চক্রান্তকারীদের’ তিনি চেনেন দাবি করে মহিউদ্দিন বলেন, “আমি লক্ষ করছি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমি সর্ব শক্তি নিয়ে রুখে দাঁড়াব।”
বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দুই দল শিক্ষার্থীদের সংঘর্ষে নগর ছাত্রলীগের নেতা নাছিম আহমেদ সোহেল নিহত হন।
নিহত সোহেল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থক ছিলেন। অন্যদিকে তার উপর হামলাকারীরা নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের সমর্থক বলে সোহেলের সহপাঠীদের দাবি।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বলছেন, মহিউদ্দিন ও নাছিরের মধ্যকার দ্বন্দ্ব বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান নিয়ে ছাত্রদের এই বিরোধে ইন্ধন জুগিয়েছে।
রাজনৈতিক দ্বন্দ্বে সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়েও সাবেক মেয়র মহিউদ্দিন ও বর্তমান মেয়র নাছিরের বিরোধ রয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থাকাকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগ নেন মহিউদ্দিন। তখন তিনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এম মনজুর আলমের সময়েও ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি।
চট্টগ্রাম আওয়ামী লীগে মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত নাছির গত বছর মেয়র হলে প্রিমিয়ারের পরিচালনা নিয়ে বিরোধের শুরু হয়। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়।
মহিউদ্দিনের রিট আবেদনে হাই কোর্ট প্রিমিয়ারের সব কার্যক্রমে উদ্যোক্তা মহিউদ্দিনের অংশগ্রহণ নিশ্চিত করার আদেশ দেয়।
এর কয়েক মাসের মধ্যে ছাত্রদের অনুষ্ঠানে মহিউদ্দিন-নাছিরকে প্রধান অতিথি করা নিয়ে বিরোধে সোহেল নিহত হন।
সোহেল নিহত হওয়ার পর নাছির সাংবাদিকদের বলেছিলেন, “একটি মহল রাজনৈতিক ব্যানারে থেকে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।”
অন্যদিকে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে মহিউদ্দিন বলেন, “এ প্রতিষ্ঠানের পাঠদান, শিক্ষক নিয়োগসহ কোনো ব্যাপারে হস্তক্ষেপ করিনি। এখানে রাজনীতি ঢুকিয়ে নিজের অবস্থান শক্ত করা অন্যদের কাছে লোভের হলেও আমার জন্য অপ্রয়োজনীয়।”
নিজের প্রয়াত মেয়ে টুম্পার এই বিশ্ববিদ্যালয়ে পড়ার তথ্য তুলে ধরে নিহত সোহেলের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন এই আওয়ামী লীগ নেতা।
নাছির সমর্থক ছাত্ররা ইতোমধ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক অনুপম সেনের পদত্যাগের দাবি তুলেছে।
অন্যদিকে বিবৃতিতে মহিউদ্দিন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে ‘স্বর্গীয় বাগান’ অভিহিত করে বলেন, “অধ্যাপক ড. অনুপম সেন এর মালী এবং আমি সেই স্বর্গোদ্যানের নগণ্য পাহারাদার।”
