১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গবেষণায় অবদান: ৩০০ শিক্ষককে সম্মাননা দেবে ঢাবি

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে গবেষকদের গবেষণা প্রবন্ধ ‘হাই ইমপ্যাক্ট জার্নালে’ প্রকাশিত হয়েছে, অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 04:32 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতিতে ৩০০ শিক্ষককে সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আগামী ২ মে 'ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন' অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে গবেষকদের গবেষণা প্রবন্ধ ‘হাই ইমপ্যাক্ট জার্নালে’ প্রকাশিত হয়েছে, অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হবে।

"এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকগণও উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন বলে আশা করা যাচ্ছে। নীতি নির্ধারকদের সঙ্গে গবেষকদের সংযোগ স্থাপন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” 

বৈশ্বিক র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে ‘সম্মানজনক’ পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ ধরনের অনুষ্ঠান সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, অনুষ্ঠানে দুটি অধিবেশন থাকবে। ‘উচ্চশিক্ষায় বিনিয়োগের গুরুত্ব’ শীর্ষক প্রথম অধিবেশনে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। 

"উচ্চশিক্ষার ভূমিকা, টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য উচ্চশিক্ষায় বিনিয়োগের বিষয়ে ইন্ডাস্ট্রি ও অ্যালামনাই প্রতিনিধিগণ আলোকপাত করবেন।” 

প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ সভাপতিত্ব করবেন।

'ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন-২০২৫' শীর্ষক দ্বিতীয় অধিবেশনে গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দেওয়া হবে। 

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান অতিথি এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।