চাঁদাবাজি-ছিনতাই: ঢাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী গত রোববার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
সাময়িক বহিষ্কৃতরা হলেন- মৃৎশিল্প বিভাগের জাহিদ শেখ ও মো. শাহরিন ইসলাম, ফলিত গণিত বিভাগের মো. আযহা ইসলাম, সংগীত বিভাগের মর্তুজা হাসান খান, ইতিহাস বিভাগের মো. আজিম মাহমুদ তওসিফ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. রিয়াদ মাল এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মো. আব্দুল ওহেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলাপরিপন্থি বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায়” তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মৃৎশিল্প বিভাগের জাহিদ শেখ ও মো. শাহরিন ইসলাম শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে আটক রেখে ১০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা লালবাগ থানায় মামলা করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিল।
ফলিত গণিত বিভাগের আযহা ইসলাম, সংগীত বিভাগের মর্তুজা, ইতিহাস বিভাগের তওসিফ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিয়াদ সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে বেড়াতে আসা দুজন দর্শনার্থীর গতিরোধ করে এলোপাথাড়ি মারধর করে ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
ওই ঘটনায় ভুক্তভোগীরা শাহবাগ থানায় মামলা করেন। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হল।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের “সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থি অভিযোগে” ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মো. আব্দুল ওহেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সাময়িক বহিষ্কারের চিঠি সংশ্লিষ্ট থানা, শিক্ষার্থীর স্থানীয় অভিভাবক এবং স্থায়ী ঠিকানায় পাঠানো হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই ৭ শিক্ষার্থী বহিষ্কারাদেশ চলাকালে বিশ্ববিদ্যালয় হলে অবস্থান করতে পারবে না। তাদের অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেই কারণ ব্যাখ্যা করে তাদের ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত ৬০ জন শিক্ষার্থীর মধ্যে দুই জনকে পরীক্ষাসহ তিন সেমিস্টার, ৪০ জনকে পরীক্ষাসহ দুই সেমিস্টার এবং ১৮ জনকে পরীক্ষাসহ ১ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ক্যাম্পাসে ভ্রাম্যমান দোকান থেকে চাঁদা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রক্টর অফিসের কর্মকর্তা মো. শামীম হোসেনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের সত্যতা তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারসহ সিন্ডিকেট সদস্যরা সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন।
