১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে বিধিনিষেধ ফিরল

গত নভেম্বরে ক্যাম্পাসের ভেতরে যান চলাচল সীমিত করার পর আশপাশের এলাকায় যানজট বেড়ে গিয়েছিল।

ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে বিধিনিষেধ ফিরল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শাহবাগ থানার সামনে সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়েছে। এ পথ দিয়ে প্রবেশ করতে চাইলে কারণ যাচাই করছেন দায়িত্বরত কর্মকর্তারা। ছবি: মাহমুদ জামান অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2025, 12:38 AM

Updated : 26 Aug 2026, 12:27 PM

বইমেলা ও রোজা ঘিরে দুই মাস ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ শিথিল থাকলেও সোমবার থেকে ফের কড়াকড়ি শুরু হচ্ছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাস এলাকার সাত প্রবেশপথে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। 

শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলোতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত প্রবেশপথগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া অন্য যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। আর গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে।

‘অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে’ এ সিদ্ধান্ত পরে পুনর্মূল্যায়ন করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রক্টর অফিস। 

এর আগে গত ১৪ নভেম্বর ‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে’ ক্যাম্পাসের ভেতরে যান চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাতে দিনের বেলায় ক্যাম্পাসের আশপাশের এলাকায় যানজট বেড়ে গিয়েছিল।

বইমেলা ও রমজানের কারণে ফেব্রুয়ারি ও মার্চ মাসে ক্যাম্পাসে যানচলাচলে নিয়ন্ত্রণ শিথিল রাখা হয়েছিল।