Published : 24 Apr 2024, 03:55 PM
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ব্যাংকিং, জ্বালানি ও উদ্যোক্তা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাহমিদুর রহমান।
এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৌশলী ও ব্যারিস্টার তাহমিদুর রহমানকে এফবিসিসিআইর তিনটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির নেতৃত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর তাহমিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। উদ্যোক্তাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সচেষ্ট থাকব। ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংকের সাথে সকল ব্যাংক ব্যবস্থাপকরা একযোগে কাজ করবেন বলে আশা করি।”
এফবিসিসিআইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পোদ্যোক্তা তাহমিদুর রহমান টিআরডব্লিউ ল’ ফার্মের প্রতিষ্ঠাতা এবং ফুয়েল এক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গে ব্যাংকিং, জ্বালানি খাত এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছেন তাহমিদুর রহমান।
ডি স্মার্ট সলিউশন এবং এম আলম গ্রুপের পরিচালক তাহমিদুর বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত। তিনি কানাডা চেম্বার অব কমার্সের পরিচালক পদেও আছেন।
দুই বছর ধরে ঢাকা চেম্বার অব কমার্সের ফিনান্স অ্যান্ড এনার্জি কমিটিতে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার তাহমিদুর রহমান। তিনি এফবিসিসিআইর সদস্য হিসেবে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করেছেন।
তাহমিদুর রহমান নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেছেন।