বিদেশি ঋণে সুদের উপর কর বাড়াবে ব্যবসায়ীদের খরচ: এমসিসিআই
এতদিন এক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা ছিল।
এতদিন ধরে বিদেশি ঋণে সুদের উপর ব্যবসায়ীরা কর অব্যাহতি পেলেও এবার তা তুলে দেওয়ার প্রস্তাব এসেছে উল্লেখ করে এমসিসিআই বলেছে, এতে ব্যবসায়ীদের খরচ আরও বাড়বে।
২০২৪-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে শনিবার আলোচনা সভা করে মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই), সেখানে একথা বলেন সংগঠনের পরিচালক আদিব এইচ খান।
তিনি বলেন, স্বাধীনতার পরে ১৯৭৬ সাল থেকে অব্যাহতি পাওয়া বিদেশি ঋণের সুদের উপর কর যোগ হয়েছে প্রস্তাবিত বাজেটে। এটা পাস হলে বিদেশি ঋণ পরিশোধের সময়ে সুদের বিপরীতে কর দিতে হবে ব্যবসায়ীদের।
“এতে করে বিদেশি ঋণদাতারা সুদের উপর যে কর ধার্য হবে, তা দেবেন না। সুদ কর ব্যবসায়ীদের খরচ বাড়িয়ে দেবে।”
এই সুদ হার কত হবে, সেই প্রশ্নে তিনি বলেন, “২০-৩০ শতাংশ হতে পারে। সরকার এখনও তা পরিষ্কার করেনি। নন-রেসিডেন্সিয়ালদের সুদ পরিশোধের ক্ষেত্রে যে হারে কর দেওয়ার বিধান, তা এখানেও প্রযোজ্য হতে পারে।”
ঢাকার মতিঝিলে এমসিসিআই নিজস্ব কার্যালয়ে ‘বাংলাদেশ ফর্ম ভালনারিবিলিটি টু রেজিলিয়েন্স অ্যান্ড র্যাপিড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক এই আলোচনায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ছিলেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে মন্ত্রী ধনীদের সারচার্জের বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করার আশ্বাস দিলেও আগামী ২০২৩-২৪ অর্থবছর থেকে টিআইএনধারীদের রিটার্ন জমা দিতে গেলেই কমপক্ষে দুই হাজার টাকা কর দেওয়ার প্রস্তাবটি সমর্থন জানিয়েছেন।
এতদিন তিন কোটি টাকার সম্পদ থাকা ব্যক্তিদের কাছ থেকে সম্পদ কর বা সারচার্জ নেওয়া হলেও আগামী অর্থবছর থেকে নূন্যতম সীমা চার কোটি টাকা করার প্রস্তাব এসেছে বাজেটে।
গত বৃহস্পতিবার সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছর থেকে টিআইএনধারীদের রিটার্ন জমা দিতে গেলেই কমপক্ষে দুই হাজার টাকা কর দেওয়ার বাধ্যবাধকতার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
নতুন অর্থবছরের বাজেটে এ কর প্রস্তাব করার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি করযোগ্য আয় সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে তিন লাখ করার কথা বলেছেন। আবার রিটার্ন দাখিল করলে নূন্যতম করারোপের কথাও বলছেন। এটি করনীতির সঙ্গে সাংঘার্ষিক বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।
গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এ করারোপকে ‘অন্যায্য’, ‘বৈষম্যমূলক’ ও অনৈতিক বলেছে। ব্যবসায়ীদের সংগঠনগুলোও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
সেই কর প্রত্যাহারের আহ্বান আসে এমসিসিআইয়ের আলোচনা সভাতেও।
গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ- পিআরআই এর ভাইস চেয়ারম্যান ও গবেষক সাদিক আহমেদ বলেন, ‘‘এটি করনীতির বিপরীত সিদ্ধান্ত। যার করযোগ্য আয় নেই, তার কাছ থেকে সরকার কীভাবে রিটার্নে ২ হাজার টাকার কর নেয়।
‘‘সাংঘর্ষিক এ সিদ্ধান্ত কর কাঠামোর সঙ্গে যায় না।"
এমসিসিআই পরিচালক আদিব এইচ খান বলেন, ‘‘করযোগ্য নয়-এমন ব্যক্তিদের নিকট থেকে দুই হাজার টাকা আদায় করা নৈতিকভাবে ঠিক নয়। আর ধনীদের সম্পদে সারচার্জ সীমা তিন কোটি থেকে চার কোটি করা উচিত হবে না। এভাবে ধনীদের আরও সম্পদ বাড়াতে সহায়তা করবে।’’
ন্যূনতম ২ হাজার টাকা কর বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, "এটাকে ইনকাম ট্যাক্স বলা হয়নি। এখানে ভ্যাটের মতো আমরা কিছু টাকা পাব। এটি কর আদায়কে ট্রেন্ডআপ করবে বলে মনে করি।’’
সম্পদশালীদের সারচার্জের বিষয়ে তিনি বলেন, ‘‘সম্পদশালীরা তো এই ছাড় চায়নি। ন্যূনতম করসীমা বাড়িয়ে দেওয়ায় উপরের দিক হিসেবে সম্পদ করসীমাও হয়ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করবো এটি পুনবির্বেচনা করতে।’’
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে বাজেট প্রস্তাব করেছেন তাতে বলা হয়েছে, কারও সম্পদমূল্য চার কোটি টাকা পার হলেই তার কাছ থেকে সম্পদের জন্য ১০ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।
যাদের সম্পদমূল্য ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে তাদেরকে ৩৫ শতাংশ সম্পদ কর দিতে হবে বলেও প্রস্তাব করেছেন তিনি।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেন, বিত্তশালী ব্যক্তি করদাতাদের কাছ থেকে নিট সম্পদের ভিত্তিতে সারচার্জ আদায় করা হয়। গত কয়েক বছর ধরে বিধানটি কার্যকর রয়েছে।
এই সারচার্জ আয়করের বাইরে। এবার বাজেটে করমুক্ত আয় সীমা করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা।
সাড়ে তিন লাখ টাকা থেকে আয় এক লাখ টাকা বেশি আয় হলে ৫ শতাংশ, তিন লাখ টাকা বেশি হলে ১০ শতাংশ, চার লাখ টাকা বেশি হলে ১৫ শতাংশ, ৫ লাখ টাকা বেশি হলে ২০ শতাংশ এবং অবশিষ্ট টাকার ওপর ২৫ শতাংশ হারে কর দিতে হবে।
বাজেট ঘাটতি কমিয়ে আনতে সরকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা বাজেটে প্রচ্ছন্নভাবে রয়েছে বলেও জানান এম এ মান্নান।
তিনি বলেন, ‘‘সাবসিডি থেকে সরে আসার সরকারের প্রচ্ছন্ন ঘোষণা রয়েছে। আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে সরে আসবো। সবকিছু থেকে ভর্তুতকি তুলে নেওয়া যাবে না। কিছু কিছু খাতে ভর্তুকি দেওয়া হবে। সরকার ভর্তুকি থেকে ফিরে আসবে।’’
‘‘কৃষিতে সরকার ভর্তুকি অব্যাহত রাখবে। কৃষিতে যান্ত্রীকীকরণ করতে সরকার সহায়তা দিবে। কৃষিতে একটি পুশআপ দিতে হবে,’’ যোগ করেন তিনি।
বিদেশি ঋণের হালচাল
সরকার এমন সময়ে বিদেশি ঋণের সুদের উপর কর আরোপের প্রস্তাব করেছে, যখন বৈদেশিক মুদ্রার চাহিদায় রয়েছে অর্থনীতি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত সরকারের বিদেশি ঋণ ছিল ৭ হাজার ১৯৩ কোটি ৬৪ লাখ কোটি ডলার। এরমধ্যে স্বল্পমেয়াদি ২১১ কোটি ২৯ লাখ ডলার, আর দীর্ঘমেয়াদি ঋণ ৬ হাজার ৯৮২ কোটি ৩৪ লাখ ডলার।
বেসরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ গত ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৪৩০ কোটি ৯৫ লাখ ডলার। যার মধ্যে স্বল্পমেয়াদি ১ হাজার ৬৪১ কোটি ৭০ লাখ ডলার। যা মোট ঋণের ৬৭ দশমিক ৫৪ শতাংশ।
বেসরকারি খাতে দীর্ঘমেয়াদী ঋণ ৭৮৯ কোটি ২৪ লাখ ডলার, যা মোট বেসরকারি খাতের মোট ঋণের ৩২ দশমিক ৪৬ শতাংশ।
সরকারি-বেসরকারি মিলিয়ে মোট বিদেশি ঋণের দায় গত ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ৯ হাজার ৬২৪ কোটি ৫৯ লাখ ডলার।
বেসরকারি খাতে সর্বোচ্চ ঋণ গ্রহীতা খাত হচ্ছে জ্বালানি খাত। গত ডিসেম্বর পর্যন্ত এ খাতের বিদেশি ঋণ দাঁড়িয়েছে ৬৫৪ কোটি ৫২ লাখ ডলার। এরপরই উৎপাদন খাতে ২০৯ কোটি ৩৩ লাখ ডলার, ট্রেডিংয়ে ১৩৮ কোটি ৬০ লাখ ডলার, ব্যাংকিংয়ে ১৩০ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতে ঋণের উৎসে শীর্ষ দেশ চীন থেকে এসেছে ২৩৩ কোটি ৪০ লাখ ডলার।
এছাড়া হংকং থেকে ১০৬ কোটি ২৩ লাখ ডলার, যুক্তরাজ্য থেকে ৮৫ কোটি ২১ লাখ ডলার, যুক্তরাষ্ট্র থেকে ৬৯ দশমিক ৯১ কোটি ডলার, নেদারল্যান্ডস থেকে ৬৪ কোটি ৭৭ লাখ ডলার, সিঙ্গাপুর থেকে ৬৪ কোটি ৫৬ লাখ ডলার, জার্মানি থেকে ৩৬ কোটি ৬৪ লাখ ডলার এসেছে।
আগের অর্থবছরের চেয়ে ৩৭ শতাংশ বেড়ে গত ২০২১-২২ অর্থবছের বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩৪৩ কোটি ৯৬ লাখ ডলার। যার মধ্যে ১৯ দশমিক ২ শতাংশ নিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের নিট বিনিয়োগ ছিল ৬৬ কোটি ১১ লাখ ডলার।
এর পরই রয়েছে ১৩ দশমিক ৫ শতাংশ নিয়ে চীনের ৪৬ কোটি ৫১ লাখ ডলার। ১১ দশমিক ২ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যের বিনিয়োগ ৩৮ কোটি ৩৯ লাখ ডলার।
