২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ২০ কোম্পানি

এবার বিভিন্ন ক্যাটাগরিতে ২০২০ সালের জন্য এসব কোম্পানিকে পুরস্কার দেওয়া হয়।

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ২০ কোম্পানি

ছবি: পিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 09:56 PM

Updated : 05 Jan 2023, 09:56 PM

অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি ও প্রণোদনা দিতে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ পেয়েছে ২০টি কোম্পানি।

এবার বিভিন্ন ক্যাটাগরিতে ২০২০ সালের জন্য এসব কোম্পানিকে পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কোম্পানিগুলোর প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয় বলে শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার পুরস্কার তুলে দেন। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এবার বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৫টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৫টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ১টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ২টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ৩টি কোম্পানি পুরস্কার পেয়েছে।

২০১৪ সালে এ পুরস্কার দেওয়া শুরুর পর এ বছর ষষ্ঠবারের মত দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Image

ছবি: পিআইডি।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে রানার অটোমোবাইলস ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস; যৌথভাবে দ্বিতীয় হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ ও ফারিহা স্পিনিং মিলস; তৃতীয় হয়েছে এনভয় টেক্সটাইল।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস; যৌথভাবে দ্বিতীয় হয়েছে মাসকোটেক্স লিমিটেড ও এপিএস ডিজাইন ওয়ার্কস; যৌথভাবে তৃতীয় হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস ও অকো-টেক্স।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে মাসকো ওভারসিজ; যৌথভাবে দ্বিতীয় হয়েছে আব্দুল জলিল লিমিটেড ও প্যাসিফিক সী ফুডস; তৃতীয় হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস।

মাইক্রো শিল্প ক্যাটাগরিতে কেবল মাসকো ডেইরি এন্টারপ্রাইজ পুরস্কার জিতেছে।

কুটির শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ইন্টেলিজেন্ট কার্ড; দ্বিতীয় হয়েছে রং মেলা নারী কল্যাণ সংস্থা (আরএনকেএস)।

হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স; দ্বিতীয় হয়েছে মীর টেলিকম ও তৃতীয় হয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড।

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারপ্রাপ্ত কোম্পানির চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক পুরস্কার প্রাপ্তির পরের এক বছর বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন।