২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পরিবেশবান্ধব লিড সনদ পেল আরও ২ পোশাক কারখানা

সবমিলিয়ে ১১ বছরে দেশের ১৭৮টি কারখানা এ স্বীকৃতি পেয়েছে।

পরিবেশবান্ধব লিড সনদ পেল আরও ২ পোশাক কারখানা

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির পোশাক কারখানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2022, 10:23 PM

Updated : 19 Nov 2022, 10:23 PM

পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাপনার জন্য যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সনদ পেল বাংলাদেশের আরও দুই পোশাক কারখানা।

এর মধ্য দিয়ে দেশের মোট ১৭৮টি তৈরি পোশাক কারখানা এ স্বীকৃতির আওতায় এল বলে বিজিএমইএর তরফে জানানো হয়েছে।

নতুন সনদ পাওয়া কোম্পানির একটি হচ্ছে- গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো), যা ৮৫ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে।

অপর কারখানাটি হচ্ছে নারায়ণগঞ্জের হাজারীবাগে অবস্থিত বর্ণালী কালেকশন লিমিটেড, যা ৬৪ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ অর্জন করেছে।

Image

বর্ণালী কালেকশন লিমিটেডের অফিস।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, এ বছর বাংলাদেশের মোট ১৩টি পোশাক কারখানা প্লাটিনাম লিড সনদ পেয়েছে, যা ২০১১ সালের পর একক বছর হিসাবে সর্বোচ্চ। এ বছর সব মিলিয়ে লিড সনদ এসেছে ২৫টি। এর মধ্যে ১২টি গোল্ড সনদ।
তিনি বলেন, “এ ধরনের সনদ ক্রেতাদের আত্মবিশ্বাস ও বাংলাদেশের প্রতি তাদের আগ্রহকে বাড়াবে। পরিবেশকে গুরুত্ব দেওয়া সাসটেইনেবল উদ্যোগগুলো ক্রেতাদের বোঝানোর জন্য ভবিষ্যতে লিড সনদ ও গ্রিন কারাখানার বিকল্প নেই।

এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে কারখানার পরিচালন ব্যয়ও কিছুটা কমিয়ে দেবে। এসব কারখানায় জ্বালানি খরচ কমাবে।”

পরিবেশবান্ধব কারখানার মান বিবেচনায় যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল প্লাটিনাম, গোল্ড, সিলভার ও সার্টিফায়েড ক্যাটাগরিতে সনদ দিয়ে থাকে।

২০১১ সালে প্রথমবারের মত বাংলাদেশ একটি গোল্ড ও একটি সার্টিফায়েড সনদ পেয়েছিল।
কোভিড মহামারী শুরুর আগের বছর ২০১৯ সালে সর্বোচ্চ ২৮টি লিড সনদ অর্জন করেছিল বাংলাদেশি পোশাক কারখানা। পরের বছর ২৪টি, এর পরের বছর ২৩টি লিড সনদ পায় দেশি পোশাক কারখানা।