এক বছরে এসএমসির আয় বাড়ল ১৬%
লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখায় ১২টি আঞ্চলিক অফিসের কর্মীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে।
গত এক বছরে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের আয় ১৬ শতাংশ বেড়েছে।
বুধবার ঢাকার একটি হোটেলে কোম্পানির ২০২২ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেখানে ২০২১ সালের তুলনায় কোম্পানিটির আয় ১৬ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়।
এসএমসির মহাব্যবস্থাপক সি এন মণ্ডল বলেন, “কোম্পানির আয় ২০২২ অর্থবছরে আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। বর্তমানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড সাত লাখ ১৬ হাজারের বেশি ‘আউটলেটে’ পণ্য সরবরাহ করছে।”
লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখায় ১২টি আঞ্চলিক অফিসের সেলস টিমের কর্মীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বোর্ড অব ডিরেক্টরর্সের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ও সিদ্দিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক বক্তব্য দেন।
ইউএসএআইডি প্রতিনিধিসহ এসএমসির কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।
