২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বকেয়া আদায় বাড়ায়’ মুনাফায় ফিরল ওয়ালটন

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ২০২ কোটি টাকার নিট মুনাফা করেছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 12:53 PM

Updated : 26 Oct 2023, 10:52 PM

বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয় আদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এবং আর্থিক খরচে নিয়ন্ত্রণ আনতে পারায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ২০২ কোটি টাকার নিট মুনাফা করেছে ওয়ালটান হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স খাতের দেশীয় এ কোম্পানি।

ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জকেও (ডিএসই) এ তথ্য দিয়েছে তারা।

অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন প্রথম প্রান্তিকে কর পরবর্তী নিট মুনাফা করেছে ২০২ কোটি ৭ লাখ টাকা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ৪৬ কোটি ১০ লাখ টাকা লোকসান দেখানো হয়েছিল।

লোকসান থেকে মুনাফায় ফেরার কারণ ব্যাখ্যা করে ওয়ালটন বলেছে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে দেনাদারদের কাছ থেকে তাদের টাকা প্রাপ্তির পরিমাণ এবং পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে।

ব্যাংক ঋণ কমার পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান আগের অর্থবছরের চেয়ে কম নিম্নমুখী হওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণও হ্রাস পাওয়ার কথা বলেছে ওয়ালটন।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, টাকার অবমূল্যায়ণ হওয়ায় ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে ২৬২ কোটি ৪৬ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রার আর্থিক ক্ষতি হয়েছিল ওয়ালটনের। এবার সেই ক্ষতির পরিমাণ ৯৯.২৮ শতাংশ কমে এক কোটি ৮৯ লাখ টাকা হয়েছে।

প্রথম প্রান্তিক শেষে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ দশমিক ৬৭ টাকা, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ঋণাত্বক এক টাকা ৫২ পয়সা।

এ সময়ে সম্পদ প্রতি শেয়ার মূল্য (এনএভিপিএস) হয়েছে পুনর্মূল্যায়ন ব্যতীত ২৪৮ টাকা ৮৮ পয়সা ও পুনর্মূল্যায়নসহ ৩৫০ টাকা ৪০ পয়সা।

অন্যদিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থ সরবরাহের পরিমাণ হয়েছে ১৬ দশমিক ৬৮ টাকা। আগের অর্থবছরের এই সময়ে যা ৩৬ দশমিক ৪৪ টাকা ছিল।