২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

১৩ কোটি টাকা পরিচালন মুনাফা স্বপ্নের

অবচয় ব্যয় ছাড়া পাঁচ বছর ধরে টানা পরিচালন মুনাফায় থাকার কথা জানিয়েছে সুপারশপটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2024, 10:11 PM

Updated : 04 Jan 2024, 10:11 PM

টানা দ্বিতীয় বছরে পরিচালন মুনাফা করেছে শীর্ষস্থানীয় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। ২০২২-২৩ অর্থবছরে মুনাফা হয়েছে ১৩ কোটি টাকা।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন এ তথ্য জানিয়ে বলেছে, এর আগে ২০২১-২২ অর্থবছরে প্রায় ২০ লাখ টাকা পরিচালন মুনাফা করছিল কোম্পানিটি। আর অবচয় ব্যয় ছাড়া গত পাঁচ বছর ধরে টানা পরিচালন মুনাফায় রয়েছে সুপারশপটি।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “পর পর পরিচালন মুনাফা করা আমাদের জন্য খুবই উল্লেখযোগ্য ঘটনা। আমরা আশাবাদী সামনে অর্থবছরেও পরিচালন পর্যায়ে মুনাফা আরও বেশি করব। সাধারণত সুপারমার্কেটের ব্যবসায় মুনাফা দেখা পেতে বেশ সময় লাগে।

“আমাদের অনেক বিনিয়োগ ছিল। অবচয় খরচসহ আরও অনেক খরচ ছিল, যা পরিচালন খরচের মধ্যেই চলে আসে। এ ছাড়া সুপারশপের ব্যবসায়িক মডেলে দেখা যায়, ব্র্যান্ডের প্রতি গ্রাহকের বিশ্বাস অর্জনে বেশ সময় লাগে।”

মহামারীতে গ্রাহকের নিরাপত্তায় নেওয়া নানা কার্যক্রম ও ঘরে পণ্য পৌঁছে দেওয়ার পদক্ষেপ স্বপ্নের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সাব্বির হাসান জানান, সুপার মার্কেট ক্যাটাগরিতে ২০১৬ সাল থেকে টানা ৭ বছর বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে স্বপ্ন।

“ব্র্যান্ড লেভেলে বাংলাদেশের গ্রাহকদের কাছে স্বপ্ন এখন একটি গ্রহণযোগ্য নাম,” বলেন তিনি।

২০০৮ সালে যাত্রা শুরু করা সুপারশপটির ৬২ জেলায় ৪৪০টি আউটলেট রয়েছে।