২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

চা শিল্পের উন্নয়নে গঠিত পরামর্শক কমিটির প্রথম সভায় মন্ত্রী এ পরিকল্পনার কথা শোনান।

শরিফ হোসেন

Published : 20 Sep 2026, 09:17 PM

Updated : 20 Sep 2026, 09:17 PM

দেশের চা খাতের উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, চা শিল্পকে কেবল ঋণনির্ভর খাত হিসেবে না রেখে রাজস্ব, কর ও ভ্যাটের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে নিয়মিত অবদান রাখা একটি কার্যকর শিল্পে রূপান্তর করতে হবে।

রোববার চা শিল্পের উন্নয়নে গঠিত পরামর্শক কমিটির প্রথম সভায় তিনি এসব পরিকল্পনা তুলে ধরেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা।

সভায় চা বাগানের মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে অনাবাদি ও অব্যবহৃত জমিতে নির্দিষ্ট মেয়াদে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন, কৃষি ও বিকল্প বনায়ন এবং ক্লাস্টার বা নেট মিটারিংয়ের মাধ্যমে আয়ের নতুন উৎস তৈরির প্রস্তাব দেওয়া হয়। এসব উদ্যোগ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত অনুমোদনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে চা প্রবেশ এবং নিলামের বাইরে সরাসরি বিক্রির কারণে বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং সরকার রাজস্ব হারাচ্ছে।

সভায় অন্যদের মধ্যে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, কৃষি সচিব মো. সেলিম খান, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবীর আহামদ, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান কামরান টি রহমান এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মাঈনুদ্দিন হাসান উপস্থিত ছিলেন।