২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজসজ্জাতেই গেল প্রথম দিন, কোভিড কমায় বাণিজ্য মেলায় ‘কাটতির’ আশা

মূল প্রদর্শনী কেন্দ্রের এবং বাইরের প্রাঙ্গণের বেশির ভাগ স্টল ও প্যাভিলিয়ন সাজানোর কাজ চলতে দেখা গেছে।

শেখ আবু তালেব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 01:17 AM

Updated : 02 Jan 2023, 01:17 AM

ঢাকার নিউ মার্কেটের ক্রোকারিজ ব্যবসায়ী আবু সুফিয়ান ষষ্ঠবারের মত বাণিজ্য মেলায় অংশ নিয়েছেন। করোনাভাইরাস আর দূরত্বের কারণে পূর্বাচলের প্রথম মেলা জমবে না ভেবে গতবার অংশ নেননি। তবে সেই সিদ্ধান্ত যে ভুল ছিল পরে সেটি মনে হয়েছে তার।

সংক্রমণের বিধিনিষেধ ও দূরত্বের বাধা ডিঙিয়েই ২০২২ সালের মেলায় ক্রেতা-দর্শনাথীদের সমাগম ছিল চোখে পড়ার মত। আগেরবারের ভুল ভাঙায় এ ব্যবসায়ীর আশা এবার সংক্রমণ কমে আসায় আরও বেশি মানুষ হবে; আগেরবার না আসার আফসোস কাটবে তার।

বিভিন্ন রকমের আচার নিয়ে মেলায় আসা উদ্যোক্তা আব্দুল কাউয়ুমের ভাবনাতেও রয়েছে এবার আরও ভালো কিছু হবে। গতবার বেশ সাড়া পাওয়ায় এবার দুটি স্টল নিয়েছেন তিনি।

কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করায় তাদের আচার অনেকেই পছন্দ করছেন বলেও জানালেন তিনি।

ভারতের কাশ্মীর থেকে ঘর সাজানোর পণ্য নিয়ে আসা ব্যবসায়ী আরিফ কোরেশিও আশা করছেন, করোনাভাইরাসের উপদ্রব কমে আসায় মেলায় আসবেন অনেকেই।

প্রথম দিনও বেশ কিছু ক্রেতা দর্শনার্থী পেয়ে খুশির কথাও জানালেন তিনি। রাজধানীর উত্তরা থেকে আসা সাদিয়া মোনা তার স্টলে নেড়েচেড়ে দেখছিলেন খাবার টেবিল ও বসার ঘরের টেবিলের ওয়ালম্যাট। হাতে ও মেশিনে তৈরি কারুকাজের ও নকশাখচিত ম্যাটগুলো নজর কাড়ে তার।

নিজেও একজন উদ্যোক্তা জানিয়ে সাদিয়া মোনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন মডেলের কিছু পাওয়া যায় কি না, সেটি দেখতেই মেলায় আসা।

“কিছু পছন্দ হয়েছে, এখন দরদাম করে কেনার চেষ্টায় আছি,” যোগ করেন তিনি।

এ নিয়ে ১১ বারের মত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া আরিফের পূর্বাচলে মেলা আয়োজনের জায়গাটি পছন্দ হয়েছে; যেখানে কোভিড মহামারীর কারণে একবছর বন্ধ থাকার পর ২০২২ সালে বসে প্রথম মেলা।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার নতুন এ উপশহরের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

আরিফ বলেন, মেলার জায়গাটি আন্তর্জাতিক মানের। পরিষ্কার-পরিচ্ছন্নতার ছাপ রয়েছে। এখন মনে হচ্ছে আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়ার মজা পাচ্ছি।

উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিন মূল কেন্দ্রের এবং বাইরের প্রাঙ্গণের বেশির ভাগ স্টল ও প্যাভিলিয়ন সাজানোর কাজ চলছে। অধিকাংশ প্যাভেলিয়ন ও স্টলের নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ হয়নি। যারা কিছুটা গুছিয়েছেন তারা দিনভর ব্যস্ত ছিলেন পণ্য সাজাতে।

মেলা ঘুরে দেখা গেছে, কসমেটিকস, নারীদের ব্যবহারের পণ্য, জুতা, ওড়না, শাড়ির স্টলগুলোর বেশির ভাগই শুধু প্রস্তুত। প্রথম দিনে ক্রেতাদের আগ্রহও ছিল এসব স্টলে।

উদ্বোধনের দিন এবং সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় দর্শনার্থীর উপস্থিতি ছিল কম, যে কারণে বেচাবিক্রিও বলার মত নয় বলে জানালেন দোকানিরা।

প্রস্তুতির কাজের পাশাপাশি মেলায় ধুলো নিয়ে বিরক্তি প্রকাশ করেন নারায়ণগঞ্জের গাউসিয়া এলাকা থেকে আসা কলেজ শিক্ষার্থী সুমন সরকার। এ দিকে আয়োজকদের মনযোগ দাবি করেন তিনি।

মাসব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনে খোলা থাকবে এক ঘণ্টা বেশি।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হয়। কোভিড মহামারীর কারণে ২০২১ সালে এক বছর হয়নি। ২০২২ সালে পূর্বাচলে প্রদর্শনীর স্থায়ী কাঠামোতে প্রথমবার মেলা আয়োজন করা হয় কোভিডের বিধিনিষেধের মধ্যে।

মেলায় প্রদর্শনী কেন্দ্রের দুটি হল ছাড়াও বাইরের প্রাঙ্গণে স্টল প্যাভিলিয়ন ও রেস্টুরেন্টসহ ৩৩১টি স্থাপনা রয়েছে।

এবার ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। এসব দেশের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ১৭টি।

এবারও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি পরিবহনের যাত্রীবাহী বাস চলবে।

এবার প্রবেশ টিকেটের মূল্য ৪০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা। অনলাইনেও মেলার টিকেট পাওয়া যাবে। বিকাশের মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে টিকেট কেনা যাবে।