১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ: টাকা ‘ফেরত পেয়েছেন’ ৭০% কর্মী

সম্পূর্ণ টাকা ফেরত না দিলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ: টাকা ‘ফেরত পেয়েছেন’ ৭০% কর্মী
ঢাকার শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৩১ মে মালয়েশিয়া যাওয়ার জন্য ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত মানুষ। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 10:06 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ৭০ শতাংশকে অর্থ ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের বিষয়ে বায়রা (জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন) আমাদের জানিয়েছে, যেতে না পারা কর্মীদের ৭০ শতাংশকে টাকা ফেরত দেওয়া হয়েছে।” 

গেল ২ জুলাই মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের অর্থ ফেরত দিতে এজেন্সিগুলোকে ১৮ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল মন্ত্রণালয়।

সম্পূর্ণ টাকা ফেরত না দিলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা বায়রাকে বলেছি, কর্মীরা যত টাকা দিয়েছে, সেই টাকা পাওয়ার পর তারা সই করবে যে ‘আমরা টাকা পেয়েছি’। এরপর সেই লিস্ট বায়রা আমাদের পাঠাবে। তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে। তাই ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে এখনই এটা নির্দিষ্ট করে বলতে পারছি না।” 

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার শ্রমবাজার কবে নাগাদ খুলতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিষয়ে চিঠি লিখেছি। আগামী মাসের আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে, শ্রমবাজার কবে খুলবে তখন জানা যাবে।”

কোটা আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশির সাজা পাওয়ার বিষয়ে প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমি গতকাল আপনাদের সাথে কথা বলেছি। আজ আবারও বলছি, যে দেশে বসবাস করবে সে দেশের আইন সম্পর্কে তাদের সচেতন থাকা উচিৎ। দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। এজন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।”

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান। এই বিদেশে বাংলাদেশের শ্রমবাজারটা এখন একটা মহল নষ্ট করতে চাচ্ছে। আমি মনে করি, ৭১ এর যুদ্ধাপরাধী জামায়াত বিএনপির প্রেতাত্মারা এসব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত।”

পুরনো খবর

মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ: ১৮ জুলাইয়ের মধ্যে না যেতে পারাদের অর্থ ফেরতের নির্দেশ

মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ: দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভঙ্গ: দোষীরা ছাড় পাবে না, হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকের টাকা ফেরত কেন নয়: হাই কোর্ট

মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ, বিমানবন্দরে হতাশা