ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ১০ কোটি টাকা দিল ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক
এ উদ্যোগে অন্যদেরও অংশ নেওয়ার আহ্বান।
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগ নিয়ে ব্র্যাক সাত কোটি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি তিন কোটি টাকা দিয়েছে।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক বলেছে, কর্মীদের এক দিনের সমপরিমাণ বেতন থেকে চার কোটি টাকা ও নিজস্ব তহবিল থেকে তিন কোটি টাকা দিয়েছে ব্র্যাক। এ অর্থে ক্ষতিগ্রস্ত পরিবারদের খাদ্য সংগ্রহ, ঘরবাড়ি মেরামত-নির্মাণ, নিরাপদ পানির উৎস, পয়ঃব্যবস্থার পুনর্নির্মাণ ওজীবিকার পুনর্বাসনে ব্যয় করা হবে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, “ঘূর্ণিঝড় রেমাল লাখ লাখ পরিবারকে অসহনীয় দুর্দশায় ফেলেছে। তাদের বাড়িঘর, জমি এবং জীবিকার উৎসে মারাত্মক ক্ষতি হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের অবিলম্বে ত্রাণ সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং পুনর্নির্মাণ সহায়তা প্রয়োজন।
‘‘আমরা তাৎক্ষণিকভাবে ত্রাণ কার্যক্রম শুরু করার জন্য আমাদের নিজস্ব তহবিল ব্যবহার করছি। কিন্তু সামগ্রিকভাবে প্রয়োজন অনেক বেশি এবং দরকার সম্মিলিত ও টেকসই প্রচেষ্টা।’’
সমাজের সব অংশকে ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগে সবাই অংশ নিতে পারবে।
এজন্য বিকাশ এর মাধ্যমে সহায়তা দিতে ০১৭৩০৩২১৭৬৫ নম্বরে 'মেক পেমেন্ট' অপশন ব্যবহার করে অর্থ পাঠানো যাবে।
ব্র্যাক ব্যাংক হিসাব নম্বর- ১৫০১২০-২৩১৬৪৭৪০০১ গুলশান-১, গুলশান অ্যাভিনিউ শাখায় অনুদানের অর্থ দেওয়া যাবে।
দেশের বাইরে থেকে অনুদান দিতে ওয়েবসাইটটে (https://www.brac.net/dakcheamardesh/.) প্রবেশ করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাকের প্রাথমিক মূল্যায়নে দুই হাজার টাকায় (১৭ মার্কিন ডলার সমতুল্য) ৪ জনের একটি পরিবার ২ সপ্তাহের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারবে, ৬০ হাজার টাকায় (৫০৮ মার্কিন ডলার সমতুল্য) একটি বাড়ি পুনর্নির্মাণ করা যাবে, একই পরিমাণ টাকায় একটি ক্ষতিগ্রস্ত নলকূপ মেরামত করা যাবে এবং ৪০ হাজার টাকায় (৩৩৯ মার্কিন ডলার সমতুল্য) একটি পয়ঃনিস্কাশন ব্যবস্থা পুনর্নির্মাণ করা সম্ভব হবে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হুসেইন বলেন, “বিপদে মানুষের পাশে থাকা আমাদের অঙ্গীকার। ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। আমরা ইতিবাচক পরিবর্তন আনার জন্য সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বাসী। ব্র্যাকের সঙ্গে যৌথভাবে দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের লক্ষ্য।”
এ পর্যন্ত উপকূলীয় এলাকার এক হাজার ৬০০ ব্যক্তির কাছে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে ব্র্যাক বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
