০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সিটি ব্যাংক ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের চুক্তি

নতুন রিসার্চ ইউনিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্র-শিক্ষক ও গবেষকরা গবেষণা সুবিধা পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 05:34 PM

Updated : 05 Aug 2023, 05:34 PM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে নতুন রিসার্চ ইউনিট তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দেবে বেসরকারি সিটি ব্যাংক।

এজন্য সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিটি ব্যাংক জানিয়েছে, তাদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশিদ, সিটি ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় সিটি ব্যাংক করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গবেষণাগারে নতুন রিসার্চ ইউনিট তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনে দেবে। নতুন এই রিসার্চ ইউনিটের নাম ‘প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ডিজিস ডায়াগনস্টিক ইউনিট’।  

তাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, ফিশারিজ অনুষদ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদসহ অন্যান্য অনুষদের ছাত্র-শিক্ষক ও গবেষকরা গবেষণা সুবিধা পাবেন।