২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ শেষে সচল বেনাপোল বন্দর

ঈদুল ফিতরের ছুটি শেষে সোমবার বেনাপোল স্থলবন্দর আবার সচল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 08:31 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

সকালে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়। তবে বেনাপোল শুল্ক ভবন, বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ ও ট্রান্সপোর্ট এজেন্সির সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা এখন না ফেরায় কাজ চলছে ধীর গতিতে।       

বেনাপোল চেক পোস্ট কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা অঞ্জন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার বন্দর খোলা থাকলেও পরদিন থেকে টানা ছুটির কারণে আমদানি-রপ্তানি হয়নি জানিয়ে তিনি বলেন, টানা ছুটিতে আমদানি-রপ্তানি ও খালাসকৃত পণ্য পরিবহন বন্ধ থাকায় এখন পণ্যজট সৃষ্টি হয়েছে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লম্বা ছুটির কারণে দুদেশের বন্দর এলাকায় শতশত পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। আগামী রোববারের আগে বন্দরের কাজে স্বাভাবিক গতি ফিরে আসবে না।

“সোমবার খোলা থাকলেও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকায় শুল্ক বিভাগের কাজকর্ম ও আমদানি-রপ্তানি কিছুটা ব্যাহত হচ্ছে,” বলেন তিনি।

ওই অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান জানান, ঈদের তিন দিন আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কারণে বুধবারের আগে পণ্য বোঝাই ট্রাক হাইওয়েতে চলাচল করতে পারবে না। তাই বন্দর থেকে কোনো পণ্য খালাসের সম্ভাবনাও কম।

“আমদানি-রপ্তানি ও পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগবে,” বলেন তিনি।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, “দীর্ঘ ছুটি থাকায় বন্দরে আমদানি পণ্যের চাপে পণ্যজটের আশংকা রয়েছে। এজন্য বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দ্রুত আমদানি পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।”

বেনাপোল শুল্ক ভবনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম জানান, ছুটির ঘাটতি পুষিয়ে নিতে দ্রুত পণ্য খালাস করার জন্য শুল্ক ভবনের সকল বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

”দেশের শিল্প কারখানার ৭০ শতাংশ কাঁচামাল ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। একটানা বন্ধ থাকায় ব্যবসায়ীরা শিল্প কারখানায় জরুরি কাঁচামাল সময়মতো নিতে পারেনি।

“এই পণ্যজট কমাতে অফিস আওয়ার বাদেও বাড়তি সময় ও ছুটির দিনে কাজ করে যাবেন শুল্ক কর্মকর্তারা,” বলেন তিনি।

ভারতের পেট্রাপোল বন্দর সি এন্ড এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টানা ছুটির কারণে আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় পেট্রাপোল বন্দর থেকে বনগাঁ পর্যন্ত রাস্তার ধারে রপ্তানি পণ্য নিয়ে  বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় কয়েক হাজার ট্রাক দাঁড়িয়ে রয়েছে।

এ কারণে পেট্রাপোল বন্দর এলাকায়ও তীব্র ট্রাকজট তৈরি হয়েছে বলে জানান তিনি।