নভেম্বরে মেঘালয় থেকে কয়লা আমদানি শুরুর আশা
সুনামগঞ্জে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে মেঘালয় রাজ্য থেকে বন্ধ থাকা কয়লা আমদানি নভেম্বরে আবার শুরু হতে পারে বলে জানিয়েছেন রাজ্যের কয়লা রপ্তানিকারকরা।
সোমবার দুপুর দেড়টায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে বৈঠকে মেঘালয়া মাইন ওনার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। এতে নেতৃত্ব দেন স্টেট কো-অর্ডিনেশন কমিটি অব কোল ওনার্স, মাইনার্স অ্যান্ড ডিলার্স ফোরাম মেঘালয়ার সাধারণ সম্পাদক সনি এল খ্রীয়াম।
বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল ও তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাস উদ্দিন খন্দকার নেতৃত্ব দেন।
বৈঠক শেষে ভারতীয় প্রতিনিধি দলের নেতা সনি এল খ্রীয়াম সাংবাদিকদের বলেন, “আগামী নভেম্বর মাসের মধ্যেই আবারও বাংলাদেশে কয়লা রপ্তানি শুরু হবে বলে আশা করছি।”
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিবেশ বিপর্যয়ের কারণ দেখিয়ে ভারতের একটি পরিবেশবাদী সংগঠন মেঘালয়ের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে (এনজিটি) অভিযোগ করলে গত ১৭ মে কয়লা উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত।
প্রায় চার মাস বন্ধ থাকার ওই নিষেধাজ্ঞা তুলে নিতে কয়লা খনির মালিকরা আদালতে আবেদন জানালেও গত ৭ অক্টোবর ট্রাইব্যুনাল তা নাম মঞ্জুর করে। তবে ইতিমধ্যে উত্তোলিত কয়লা রপ্তানির ক্ষেত্রে রাষ্ট্রের প্রাপ্য পরিশোধের সময়সীমা শিথিল করার আদেশ দেন।
আগের এক কিস্তির পরিবর্তে পরিবহনের জন্য কয়লা তোলার ৪৫ দিনের মধ্যে সমান তিন কিস্তিতে তা পরিশোধের আদেশ দেয় আদালত।
এই প্রেক্ষাপটে বাংলাদেশে কয়লা রপ্তানি আবার শুরুর বিষয়ে আলোচনা করতে সফরে আসে ভারতীয় প্রতিনিধি দল।
বৈঠক শেষে বেলা ৩টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই দেশের ব্যবসায়ীরা।
সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, “দুদেশের কয়লা ব্যবসা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বলা যায় বৈঠক সফল হয়েছে।”
সুনামগঞ্জ চেম্বার ও তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। এতে তাহিরপুর উপজেলার তিনটি শুল্ক স্টেশনের কয়লা আমদানিকারকরা অংশ নেন।
