হল-মার্কের বিরুদ্ধে সোনালী ব্যাংকের আরেকটি মামলা
ঋণ কেলেঙ্কারির ঘটনায় হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং তার স্ত্রী জেসমিন ইসলামের বিরুদ্ধে সোনালী ব্যাংক আরেকটি মামলা করেছে।
মঙ্গলবার ঢাকার অর্থঋণ আদালতে এই মামলা দায়েরের পর বিচারক মো. রবিউজ্জামান বিবাদীদের বিরুদ্ধে সমন জারির জন্য ২৯ জুন দিন ধার্য করেছেন।
সোনালী ব্যাংকের পক্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম এই মামলা করেছেন। এটি হল-মার্কের বিরুদ্ধে সোনালী ব্যাংকের চতুর্দশ মামলা।
সোনালী ব্যাংকের আইনজীবী হোসনে আরা বেগম ও জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন,
গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হল-মার্ক ফ্যাশনস লিমিটেডের কাছে সুদসহ ৪৫০ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৫৫৯ টাকা খেলাপিঋণ আদায়ের জন্য এ মামলা করা হয়েছে।
খেলাপি ঋণের ৩৮৮ কোটি ৫ লাখ ৬৮ হাজার ৭৮৪ টাকা আদায়ের জন্য এর আগে হল-মার্কের বিরুদ্ধে মোট ১৩টি মামলা করে সোনালী ব্যাংক।
