লন্ডন, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সহায়তা করার জন্য প্রবাসী বাংলাদেশিদের আরো বেশি করে বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা আয়োজিত এক ইফতার ও নৈশভোজে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “পদ্মা সেতু নিয়ে আমি সত্যিই আশাবাদী। আমরা কারো মুখাপেক্ষী হতে চাই না। চাঁদা তোলার দরকার নেই। আপনারা একটু বেশি রেমিটেন্স পাঠালেই হবে।”
প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জানান, তাদের জন্য দেশে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে।
খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো খাতেও প্রবাসীরা বিনিয়োগ করতে পারে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আপনারা বিনিয়োগ করুন।”
যুক্তরাজ্য প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুত লন্ডন-সিলেট ফ্লাইট পুনরায় চালু করাসহ তাদের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে সরকার।
দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও এ সময় স্মরণ করেন শেখ হাসিনা।
“সংকটের সময় বার বার আপনারা যে ভূমিকা রেখেছেন তার জন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই,” বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ডিজিটালাইজেশন শুরু হয়েছে।
“আমাদের নির্বাচনী ইশতিহারে যা ছিল তার চেয়ে এটা অনেক বেশি।”
শেখ হাসিনা বলেন, “অগণতান্ত্রিক বা অসংসদীয় সরকার যেনো ক্ষমতায় আসতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের পার্ক প্লাজা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি ছাড়াও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এবং শেখ রেহানার মেয়ে ও লন্ডনের কাউন্সিল সদস্য রেজোয়ানা সিদ্দিক টিউলিপ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম সাইদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এএইচ/এসইউ/১৪৩২ ঘ.
bdnews24